
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শীত মৌসুম শুরু হতেই সদর বাজারে জমে উঠেছে ঐতিহ্যবাহী শীতের পিঠার বেচাকেনা। বিশেষ করে উপজেলা পরিষদের মার্কেটের সামনে ও উপজেলা পোস্ট অফিসের সামনে বিকাল থেকে রাত দশটা পর্যন্ত ভিড় জমাচ্ছেন পিঠাপ্রেমীরা।

সরজমিনে দেখা যায়, ভাপা পিঠা,চিতই পিঠাসহ নানা ধরনের শীতের পিঠা বিক্রি করছেন স্থানীয় নারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। শীতের বিকাল থেকে রাত দশটা পর্যন্ত গরম পিঠার ধোঁয়ায় বাজার এলাকায় সৃষ্টি হয়েছে এক আলাদা আমেজ।
পিঠা বিক্রেতারা জানান, শীত এলেই এই ব্যবসার সুযোগ তৈরি হয়। এতে সংসারের বাড়তি আয় হয়। এক পিঠা বিক্রেতা বলেন, “শীতের তিন-চার মাস পিঠা বিক্রি করেই পরিবারের খরচ চালাই। এবার বিক্রি ভালো হচ্ছে।”

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের ঐতিহ্য আর স্বাদের টানে তারা নিয়মিত পিঠা কিনছেন। একজন ক্রেতা বলেন, “শীত এলেই পিঠা না খেলে ভালো লাগে না। বাজারে এসে তাজা পিঠা পাওয়া যাচ্ছে, তাই কিনছি।”

স্থানীয়রা মনে করছেন, শীতের পিঠার এই জমজমাট বেচাকেনা চরভদ্রাসনের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে। পাশাপাশি এটি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে।
