
শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ৫৭ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২ মার্চ) রাতে রায়েন্দা ফেরিঘাট এলাকা থেকে আটক ঐ মাদক কারবারির নাম শাহীন হাওলাদার (৪০)। তার বাড়ি মঠবাড়িয়া উপজেলার মাছুয়া গ্রামে। সে ওই গ্রামের কাদের হাওলাদারের ছেলে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
বেলাল হোসেন মিলন সাংবাদিকদের জানান, শরণখোলার রায়েন্দা থেকে একটি ইয়াবার চালান মঠবাড়িয়ায় যাচ্ছে এমন সংবাদ পেয়ে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই মাদক কারবারিকে আটক করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, ৫৭ পিস ইয়াবাসহ আটক শাহীন একজন মাদক কারবারী। মাছের ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। তার তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

