
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)-এর নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি আশা প্রকাশ করেছে, নতুন নেতৃত্বের অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশ পুলিশের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং বাহিনীর মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পুলিশ সুপার শামীমা পারভীনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৮ জুলাই ২০২৬ তারিখে ঘোষিত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হচ্ছে।

বিশেষভাবে নবনির্বাচিত সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি এবং সাধারণ সম্পাদক শামীমা পারভীন, পুলিশ সুপারসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যের প্রতি শুভকামনা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন—দুটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে বাংলাদেশ পুলিশের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সদস্যদের কল্যাণ, সাংগঠনিক উন্নয়ন এবং বাহিনীর মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ নেতৃত্ব, প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অনুপ্রেরণা নিয়ে তারা নিজস্ব পরিসরে আরও কার্যকর, গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে একটি দক্ষ, আধুনিক, শৃঙ্খলাবদ্ধ এবং জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, উভয় সংগঠনের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সমন্বিত কর্মপ্রয়াস বাংলাদেশ পুলিশের পেশাগত উৎকর্ষ, ভাবমূর্তি ও জনআস্থা বৃদ্ধিতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে, দুই সংগঠনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সমন্বয় এবং ইতিবাচক কর্মতৎপরতা পুলিশের সামগ্রিক সক্ষমতা, শৃঙ্খলা, সেবার মান, সাংগঠনিক ঐক্য ও মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। এর মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে এবং একটি আধুনিক, দক্ষ ও জনমুখী পুলিশ বাহিনী গঠনের পথ আরও সুগম হবে।
বিবৃতির শেষাংশে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্প্রীতি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছে সংগঠনটি।
বিবৃতিতে স্বাক্ষর করেন— কামরুল হাসান তালুকদার
সভাপতি, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন, এবং মনিরুল হক ডাবলু সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
