
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর এলাকায় ব্যাটারিচালিত রিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ডিসিন্ট আবির সাহাকে (১৫) শ্বাসরোধে হত্যার রোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ছিনতাইকৃত রিক্সার ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ সকালে আবির সাহা তার ব্যাটারিচালিত রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের ছয় দিন পর ৬ ডিসেম্বর ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি নির্জন বাঁশ বাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মা অনিতা বালা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তে কোনো ডিজিটাল ক্লু না থাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত সিহাব শেখকে (২২) গ্রেফতার করে। সিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপর আসামী সাইদুল ইসলাম ওরফে পাচোকে (২৫) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা নিহত আবিরের বন্ধু ছিল এবং সবাই মিলে মাদক সেবন করত। ঘটনার দিন রিক্সা ছিনতাইয়ের পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা আবিরকে ইয়াবা সেবনের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়।

সেখানে রিক্সার ব্যাটারি খোলার সময় আবির বাধা দিলে আসামীরা তার মুখ চেপে ধরে এবং জ্যাকেটের ফিতা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। লাশ যাতে কেউ দ্রুত শনাক্ত করতে না পারে, সেজন্য তারা আবিরের মুখে এসিড ঢেলে ঝলসে দিয়েছিল।
হত্যাকাণ্ডের পর তারা রিক্সার ব্যাটারি খুলে বিক্রি করে দেয় এবং টাকা ভাগাভাগি করে নেয়। পুলিশ ইতোমধ্যে সিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫টি ব্যাটারি উদ্ধার করেছে। মামলার অন্য পলাতক আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
