
নিজস্ব প্রতিবেদক : গত ১ জুন ২০২৬ থেকে থেকে গ্রাহক পর্যায়ে একলাফে ১৭% বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক দল (বিজিডি)। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ ও ‘জনসাধারণের পকেট কাটার নিষ্ঠুর আয়োজন’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে বিজিডি নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ যখন তীব্র মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী দাম এবং অর্থনৈতিক সংকটে দিশেহারা, তখন নতুন করে এক ধাক্কায় বিদ্যুতের দাম ১৭% বাড়ানো মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো। এই গণবিরোধী সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে এক গভীর সংকটে নিমজ্জিত করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিদ্যুতের দাম এভাবে বাড়লে কল-কারখানা ও উৎপাদন খাতের খরচ একলাফে বৃদ্ধি পাবে, যা দেশীয় শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করবে এবং পণ্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। একই সাথে কৃষি কাজে বিদ্যুতের বাড়তি খরচ কৃষকের মেরুদণ্ড ভেঙে দেবে। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় রোধ করে বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় বলে অভিমত ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ গণতান্ত্রিক দল (বিজিডি) অবিলম্বে গত ১লা জুন থেকে কার্যকর হতে যাওয়া বিদ্যুতের এই ১৭% বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। একই সাথে বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে ভর্তুকি সমন্বয়ের নামে জনগণের ওপর বাড়তি খরচের বোঝা চাপানো বন্ধ করার আহ্বান জানাচ্ছে। অন্যথায়, দেশের আপামর জনগণকে সাথে নিয়ে তীব্র গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

