ডেপুটি স্পীকারের প্রচেস্টায় আধুনিক বাজার নির্মানের উদ্যোগ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নেত্রকোনা  প্রতিনিধি  :  নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ২শত বছরের পুরাতন ঝাঞ্জাইল বাজারের অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।


বিজ্ঞাপন

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের একান্ত প্রচেষ্টায় চারতলা ফাউন্ডেশনসহ দুইতলা আধুনিক গ্রামীণ বাজার ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬২ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় এ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে এলজিইডি থেকে জারি করা এক পরিপত্রে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল বাজারে ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বায়নের অনুমোদন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

এতে উল্লেখ করা হয়, প্রকল্পটির প্যাকেজ নম্বর CRMIDP/NETR/W-427/2026-27 এর আওতায় চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট দুইতলা গ্রামীণ বাজার ভবন নির্মাণ করা হবে। নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৬২ লাখ টাকা। সরকারি ক্রয়বিধি অনুসরণ করে ই-জিপি (OTM) পদ্ধতিতে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।


বিজ্ঞাপন

কাজ সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়সীমা রাখা হয়েছে ৫৭০ দিন। এলজিইডির অনুমোদনপত্রে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে নির্মাণকাজ শুরুর আগে সংশ্লিষ্ট ভূমির অবস্থান ও মালিকানা নিশ্চিত করা, প্রয়োজনীয় অনুমতি গ্রহণ, সরেজমিনে প্রস্তাবিত স্থান পরিদর্শন এবং নির্মাণের উপযোগিতা যাচাই করা। পাশাপাশি অনুমোদিত নকশা, প্রাক্কলন ও সরকারি ক্রয়বিধি অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে দরপত্র ও নির্মাণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝাঞ্জাইল বাজার শুধু স্থানীয় কেনাবেচার কেন্দ্র নয়, যোগাযোগ ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও রয়েছে বিশেষ গুরুত্ব। এ বাজার থেকে নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ ও ঢাকার সঙ্গে রয়েছে রেল যোগাযোগ।

নৌপথ ও রেলপথের এ সংযোগ বাজারটির ব্যবসায়িক সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করেছে। ফলে আধুনিক বাজার অবকাঠামো গড়ে উঠলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বৃহত্তর অঞ্চলের পণ্য পরিবহন ও বিপণন ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

২শত বছরের পুরনো এ বাজারের ওপর নির্ভরশীল রয়েছেন আশপাশের এলাকার ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ। কৃষিপণ্য কেনাবেচা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে বাজারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাজার ভবন নির্মিত হলে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আরও পরিকল্পিত পরিবেশ তৈরি হবে। পাশাপাশি কৃষিপণ্য বিপণন, পণ্য কেনাবেচা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

চারতলা ফাউন্ডেশনের ওপর দুইতলা ভবন নির্মাণের পরিকল্পনা ভবিষ্যতে বাজারের অবকাঠামো সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি করবে। এতে বর্তমান চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের ব্যবসা-বাণিজ্যের প্রসারকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

দুর্গাপুর ও কলমাকান্দার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, পর্যটন সম্ভাবনার বিকাশ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় ঝাঞ্জাইল বাজারের এ প্রকল্পকে স্থানীয় উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণকাজ শুরু হলে ঝাঞ্জাইল বাজারের দীর্ঘদিনের অবকাঠামোগত চাহিদা পূরণে ইতিবাচক পরিবর্তন আসবে।

আধুনিক বাজার ভবনটি একদিকে যেমন ব্যবসায়ীদের জন্য উন্নত কর্মপরিবেশ তৈরি করবে, অন্যদিকে নৌ ও রেল যোগাযোগের সুবিধাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।

ঐতিহ্যবাহী ঝান্জাইল বাজারের ব্যবসায়ীদের প্রত্যাশা, পরিকল্পিত এ বাজার অবকাঠামো বাস্তবায়িত হলে ঝাঞ্জাইল বাজার শুধু একটি কেনাবেচার কেন্দ্র হিসেবেই নয়, বরং দুর্গাপুরের গ্রামীণ অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *