
সিআইডির (ভারপ্রাপ্ত) প্রধান অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা ডিআইজি আলি আকবর খান।নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা ডিআইজি আলি আকবর খান। গত ১ জুন ২০২৬ তারিখে পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণকারী এই কর্মকর্তা কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে পুলিশ বাহিনীতে একটি সুনামজনক অবস্থান তৈরি করেছেন।
চাকরি জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, নীতিনিষ্ঠ নেতৃত্ব এবং দায়িত্বশীল কর্মসম্পাদনের জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন মহলে প্রশংসিত হয়েছেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন আলি আকবর খান। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত “Promoting Regular and Legal Migration, Preventing Human Trafficking, Discouraging Irregular Migration and Repatriating Irregular Migrants” শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা এবং মালদ্বীপে আয়োজিত “Trafficking in Persons and Smuggling of Migrants (TIP/SOM) Data Collecting for South Asia” বিষয়ক প্রশিক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনুষ্ঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি মানবপাচার, অভিবাসন ব্যবস্থাপনা, অপরাধ তদন্ত এবং আইন প্রয়োগ সংক্রান্ত বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত প্রজ্ঞা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি সিআইডির কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জটিল ও প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্ত, আন্তঃদেশীয় অপরাধ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডিআইজি আলি আকবর খানের সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভাগের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সিআইডি পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্বে অপরাধ তদন্ত বিভাগের কার্যক্রম আরও আধুনিক, কার্যকর ও জনমুখী হয়ে উঠবে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিআইডি নতুন উচ্চতায় পৌঁছাবে।
