খাদ্য পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা কামালের অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন : বদলি-পদায়নে প্রভাব, ঠিকাদারি তদবির বাণিজ্যের অভিযোগ; স্ত্রী-স্বজনদের নামে ফ্ল্যাট-ভবন-দোকান ও জমিতে বিনিয়োগের দাবি

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ)  :  ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অর্থ-সম্পদ অর্জন, বদলি-পদায়নে প্রভাব বিস্তার, পরিবহন ঠিকাদারি নিয়োগে তদবির বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ উঠেছে। স্ত্রী, শ্যালক, মা, ভাইসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে এসব সম্পদ ও বিনিয়োগ করার অভিযোগও রয়েছে।


বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অবস্থানের সুযোগ নিয়ে খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে প্রভাব বিস্তার করে আসছেন শাহ মাজহারুল ইসলাম কামাল।

পাশাপাশি পরিবহন ঠিকাদারি নিয়োগের ক্ষেত্রেও তিনি তদবির বাণিজ্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কথামতো কাজ না করলে সংশ্লিষ্টদের বিভিন্নভাবে হয়রানি কিংবা ক্ষতির মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেছেন একাধিক সূত্র।

চাকরিতে যোগদানের পর থেকেই ময়মনসিংহকেন্দ্রিক অবস্থান
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের তদবিরে একনিষ্ঠ কর্মী হিসেবে আশীর্বাদপুষ্ট হয়ে শাহ মাজহারুল ইসলাম কামাল ২০০০ সালের ২৬ ডিসেম্বর খাদ্য বিভাগে চাকরিতে যোগ দেন।


বিজ্ঞাপন

চাকরিজীবনের বিভিন্ন সময়ে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালের জুলাইয়ে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর এলএসডি থেকে তাকে প্রত্যাহার করে নেত্রকোনার আটপাড়া উপজেলা খাদ্য দপ্তরে পদায়ন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন

পরবর্তীতে তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলি হয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ডেপুটেশনে যোগ দেন বলে জানা যায়। দীর্ঘদিন ধরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অবস্থানের কারণে সেখানে তার একটি শক্তিশালী প্রভাববলয় তৈরি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

‘সম্রাট’ খ্যাতি, বদলি-পদায়নে প্রভাব বিস্তারের অভিযোগ  : 
ময়মনসিংহ জেলা খাদ্য পরিদর্শক সমিতির অঘোষিত নিয়ন্ত্রক হিসেবে শাহ মাজহারুল ইসলাম কামালের ‘সম্রাট’ খ্যাতি রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

অভিযোগ রয়েছে, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন, পরিবহন ঠিকাদারি নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক বিষয়ে তিনি প্রভাব বিস্তার করে থাকেন। সংশ্লিষ্টদের ভাষ্য, তার কথামতো কাজ না করলে নানা ধরনের হয়রানি কিংবা ক্ষতির আশঙ্কায় অনেকেই মুখ খুলতে চান না।

তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট দপ্তরের নথি, বদলি-পদায়নের আদেশ, ঠিকাদারি সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য পর্যালোচনা করা প্রয়োজন।

স্ত্রী-স্বজনদের নামে বিপুল সম্পদের অভিযোগ
একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, শাহ মাজহারুল ইসলাম কামাল নিজের নামে ছাড়াও স্ত্রী, শ্যালক, মা, ভাইসহ অন্যান্য স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে বিপুল অর্থ-সম্পদ ও বিনিয়োগ করেছেন।
সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ নগরীর মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজায় ৭সি নম্বরের একটি ফ্ল্যাট, আমলাপাড়ায় মাদ্রাসার পাশের একটি ফ্ল্যাট এবং দুর্গাবাড়ী রোডে একটি দোকান রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া কাঁচিঝুলিতে দুই ভাইয়ের নামে ছয়তলা ফাউন্ডেশনের চারতলা ভবন এবং নতুন বাজারের ফারহান কমপ্লেক্সে দুটি ফ্ল্যাট বুকিংয়ের কথাও বলা হয়েছে।

গফরগাঁওয়ের জামতলা মোড়ে একটি দোকান এবং ইমামবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন বাজারে একাধিক দোকান থাকার অভিযোগও রয়েছে। ঢাকার উত্তরা এলাকায় একটি ফ্ল্যাট এবং ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের সম্মিলিত উদ্যোগে কেনা জমিতে তার তিনটি শেয়ার রয়েছে বলেও তথ্য সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, স্ত্রী নূরজাহান বেগম, শ্যালক ফাহিম, ছোট ভাই শাহ ইশতিয়াক রুবেল, মা এবং অন্যান্য স্বজনের নামেও অর্থ-সম্পদ ক্রয় ও ব্যবসায়িক বিনিয়োগ করা হয়েছে।

এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়ের অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়-সক্ষমতার সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাই করতে আয়কর নথি, ব্যাংক হিসাব, জমি ও ফ্ল্যাটের দলিল এবং ব্যবসায়িক বিনিয়োগের তথ্য পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যের নামে গাড়ি, ব্যবহার কামালের?
শাহ মাজহারুল ইসলাম কামালের সম্পদ নিয়ে অভিযোগের পাশাপাশি একটি গাড়ির মালিকানা ও ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।
ঢাকা মেট্রো-গ-৪৩-২৬৪৭ নম্বরের একটি টয়োটা প্রিমিও গাড়ি ময়মনসিংহ খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে আজাদের নামে নিবন্ধিত। তবে অভিযোগ রয়েছে, গাড়িটি শাহ মাজহারুল ইসলাম কামালের ক্রয়কৃত এবং তিনিই এটি ব্যবহার করেন। গাড়িটি মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার গ্যারেজে রাখা হয় বলেও জানা গেছে।

তবে গাড়িটির প্রকৃত মালিকানা, ব্যবহার এবং অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত হতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন তথ্য, ক্রয়সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন যাচাই করা প্রয়োজন।

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ  : 
গফরগাঁওয়ের কয়েকজন রাজনৈতিক নেতার দেওয়া তথ্য অনুযায়ী, শাহ মাজহারুল ইসলাম কামাল গফরগাঁও সরকারি কলেজ শাখার আরিফুল ইসলাম ভূইয়া ও ফখরুল ইসলামের কমিটিতে নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এছাড়া গফরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহজালাল সাজুর ছাত্র সংসদের নির্বাচিত সদস্য ছিলেন বলেও তারা দাবি করেছেন।

রাজনৈতিক সূত্রগুলোর দাবি, ১৯৯৭ সালের ২৯ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গফরগাঁওয়ে বিএনপির জনসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গাড়িবহরে হামলার ঘটনায় অংশগ্রহণকারীদের মধ্যে কামালের নাম আলোচনায় এসেছিল।

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকাকালে আওয়ামী লীগের সাবেক এমপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তার ছবি রয়েছে বলেও কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি দাবি করেছেন।

তবে এসব রাজনৈতিক সম্পৃক্ততা ও অতীতের ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট নথি, প্রত্যক্ষদর্শী এবং অন্যান্য নির্ভরযোগ্য উৎসের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই প্রয়োজন।

দুদক তদন্তের দাবি  : 
শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ময়মনসিংহ জেলা জুড়ে আলোচনা-সমালোচনা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের সংশ্লিষ্ট দপ্তরসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের দাবিও উঠেছে।

খাদ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী এবং গফরগাঁওয়ের সচেতন মহলের দাবি, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে কামাল ও তার স্ত্রী-স্বজনদের আয়কর নথি, ব্যাংক হিসাব, জমি-ফ্ল্যাটের দলিল, ব্যবসায়িক বিনিয়োগ, আর্থিক লেনদেন, সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসের দলিল তল্লাশি এবং বিভিন্ন লাইসেন্সের তথ্য খতিয়ে দেখা প্রয়োজন।

তাদের মতে, অনুসন্ধান করা হলে কামালের প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের উৎস এবং তার সঙ্গে সরকারি চাকরির আয় ও অন্যান্য বৈধ আয়ের সামঞ্জস্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

কামালের দাবি—‘অধিকাংশ তথ্যই মিথ্যা’  : 
এসব অভিযোগের বিষয়ে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলোর অধিকাংশ তথ্য সঠিক নয় এবং মিথ্যা বলে দাবি করেন।

কর্মকর্তাদের বক্তব্য  :  অভিযোগের বিষয়ে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান বলেন, “বিষয়গুলো খোঁজ নিয়ে দেখব।” ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম বলেন, “অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১ অধিশাখা) সনজীদা শরমিন বলেন, “বিষয়টি নিয়ে একটু ডিজি স্যার-এর সঙ্গে কথা বলেন। কোনো অভিযোগ আসলে তারাই দেখবে।”

শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রকৃত সত্যতা এখন নির্ভর করছে সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্র যাচাই, সম্পদের মালিকানা ও অর্থের উৎস অনুসন্ধান এবং প্রয়োজনীয় প্রশাসনিক বা দুর্নীতি তদন্তের ওপর।

👁️ 311 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *