
মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : প্রতিষ্ঠার ছয় দশক পেরিয়ে অবশেষে দৃষ্টিনন্দন প্রধান ফটক পেল ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত কলেজটির প্রবেশপথে এতদিন ছিল না কোনো দৃষ্টিনন্দন প্রধান ফটক।

সামনে দোকানপাট থাকায় ফটক নির্মাণের উদ্যোগও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সম্প্রতি একাধিক দোকানপ সরিয়ে নেওয়ার পর নির্মিত হয়েছে নতুন প্রধান ফটক। এতে কলেজের প্রবেশপথে এসেছে নতুন সৌন্দর্য, ফুটে উঠেছে প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচিতি।
শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে নবনির্মিত এই প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে কলেজের প্রথম প্রকাশনা ‘অঙ্গণা’র মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফটকটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান শিশির, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন ও খন্দকার মারজিয়া শবনমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, এ বি এম মোমিনুল হক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘শিক্ষিত নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারেন।
মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচিতি, নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি। নবনির্মিত এই প্রধান ফটক কলেজের পরিচিতি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের কলেজে পাঠাতে উৎসাহিত করবে।’
কলেজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ছয়তলাবিশিষ্ট আধুনিক হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতোমধ্যে ছয়টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। এ ছাড়া অনার্স পর্যায়ে আইসিটি ও ফিন্যান্সসহ আরও কয়েকটি নতুন বিষয় চালুর প্রস্তাব শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবগুলো বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও জরুরি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু দৃষ্টিনন্দন ভবন বা স্থাপনায় সীমাবদ্ধ নয়; মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলই হওয়া উচিত মূল লক্ষ্য।’
