
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মোহাম্মদ সাদিকুর রহমান শামীম (৩৬) ও সাজেদুর রহমান (২৭) নামে দুই সহদর পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে বেনাপোল আইসিপি দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মেডিকেল ভিসায় আসলে ইমিগ্রেশন পুলিশে স্টপলিস্টে নাম থাকায় তাদের আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ সাদিকুর রহমান শামীমের পাসপোর্ট নম্বর এ০৭৭৩২৬৩৬ এবং সাজেদুর রহমানের পাসপোর্ট নম্বর এ০৭৪১৩৭৫৩। তারা সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ইমিগ্রেশন সূত্র জানায়, পাসপোর্ট যাচাইয়ের সময় ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে তাদের নাম পাওয়া গেলে কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করে।

পরে জিজ্ঞাসাবাদে সুনামগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার তথ্য পাওয়া যায়। সংশ্লিষ্ট মামলার নম্বর ০৯, তারিখ ০৬ ফেব্রুয়ারি ২০২৬; জি.আর. নম্বর ৬; ধারা ১৪৩/৩০২/৩৪/১১৪ (দন্ডবিধি)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তীতে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াশেষে সংশ্লিষ্ট সুনামগঞ্জ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের তাদের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
