গোপালগঞ্জে ২০ লক্ষ টাকা চুরির রহস্য উদঘাটন: পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৯ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের ম্যানেজারের কক্ষ থেকে ২০ লক্ষ টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই “ক্লুলেস” চুরির কিনারা করে ২ জন পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ টাকা, জমি ক্রয়ের রশিদ এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।


বিজ্ঞাপন

​ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর ১:৩৬ মিনিটে গোপালগঞ্জ সদর থানাধীন ইসলামী ব্যাংকের ম্যানেজারের অফিস কক্ষে টেবিলের নিচে রাখা মামলার বাদী ফজলুল হকের নগদ ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা (মামলা নং-২৫) রুজু করা হয়। মামলা রুজুর পর পুলিশ সুপার, গোপালগঞ্জের সরাসরি নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাসানুর রহমান অভিযানে নামেন।

​তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ এবং উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান শনাক্ত করে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সাথে সরাসরি জড়িত আসামী ১. মো. টিটন খান (৩৬) এবং ২. মো. ইউনুস শেখ (৪৭)-কে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

​গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে মামলার চোরাইমালের নগদ ২৭,০০০ টাকা এবং চুরি করা ১৬,৩৮,০০০ (ষোল লক্ষ আটত্রিশ হাজার) টাকা দিয়ে ক্রয়কৃত জমির দলিলের রশিদ উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরির কাজে যাতায়াতের জন্য ব্যবহৃত একটি সুজুকি ব্র্যান্ডের কালো রঙের ১৫৫ সিসি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।


বিজ্ঞাপন

​প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীরা একটি অত্যন্ত দক্ষ ও পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পুলিশ আরও জানিয়েছে যে, এই আসামীদের নামে দেশের বিভিন্ন থানায় এ পর্যন্ত মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশের এই সফল অভিযানে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *