
শফিকুল ইসলাম, (বরিশাল) : ঐতিহ্য, ইতিহাস ও প্রশাসনিক গুরুত্ব পুনরুদ্ধারের প্রত্যয়ে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নতুন করে জোরালো আন্দোলনের সূচনা করেছে স্থানীয় জনসাধারণ। এই দাবিকে কেন্দ্র করে আগামী ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক বৃহৎ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”।

আয়োজক সূত্রে জানা যায়, সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিপুলসংখ্যক এলাকাবাসীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিটি জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবে।
“গর্বের বাকেরগঞ্জ”-এর নেতৃবৃন্দ জানান, একসময়কার ঐতিহ্যবাহী ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বাকেরগঞ্জ জেলা নানা কারণে বিলুপ্ত হলেও এর ঐতিহাসিক মর্যাদা, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান জনসংখ্যা এখনো এ অঞ্চলকে একটি স্বতন্ত্র জেলার মর্যাদা পাওয়ার যোগ্য করে রেখেছে। তাদের মতে, এটি শুধু একটি দাবি নয়—বরং সময়ের বাস্তব প্রয়োজন।

মানববন্ধন সফল করতে ইতোমধ্যে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় পর্যায় এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। তরুণ সমাজ, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও প্রবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “বাকেরগঞ্জ আমাদের ইতিহাস, আমাদের পরিচয়। ন্যায্য অধিকার আদায়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম হবো।”
তারা আরও জানান, এই মানববন্ধনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মহলে একটি শক্ত বার্তা পৌঁছে দেওয়া হবে, যাতে দ্রুত সময়ের মধ্যে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় সভা-সমাবেশ, নাগরিক সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে এ দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। তবে এবারের কর্মসূচি “গর্বের বাকেরগঞ্জ”-এর সুসংগঠিত ও সমন্বিত উদ্যোগে নতুন মাত্রা পেয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
