
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার ১২ এপ্রিল, ভোর রাত আনুমানিক ৩:৩০ ঘটিকার সময় উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব নাফিজুর রহমান-এর নেতৃত্বে এবং কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানসহ পুলিশের একটি বিশেষ দল গত রাতে পশ্চিম রাতইল এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত গভীর হলে অভিযুক্ত আকাশের বাড়িটি চারপাশ থেকে কঠোরভাবে ঘেরাও করা হয়।

অত্যন্ত সুশৃঙ্খল ও পেশাদারিত্বের সাথে পরিচালিত এই অভিযানে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও, পুলিশের নিবিড় তল্লাশিতে তার ঘরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদক ও টাকা উদ্ধার করা হয়।

তল্লাশিকালে আসামির হেফাজত থেকে ১০,২০৭ পিস ইয়াবা (যার মধ্যে ৯,৬২৫ পিস কমলা ও ৫৮২ পিস সবুজ রঙের) এবং ০২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এছাড়া মাদক বিক্রির নগদ ৪,২৬,৮০০/- টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৩,৬৪,৩০০/- টাকা।
গ্রেপ্তারকৃত শেখ শহিদুল ইসলাম আকাশ পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বর্তমানে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
