
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় আখাউড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—আখাউড়ার দেবগ্রামের ইমন খান (২৯), নুরপুরের মো. আনিসুর রহমান (৩৮) এবং কোড্ডা এলাকার শওকত আলী (বর্তমানে আখাউড়ার মসজিদপাড়া নিবাসী)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ সংগঠনটির ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এই মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আখাউড়া থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ওই তিনজনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে আখাউড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আজ ২৮ আগস্ট শুক্রবার দুপুরে আদালতের মধ্যে সোপর্দ করা হয়েছে।
