
আলমগীর শরীফ, (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “ভরসা যুব সংস্থা ও নৃত্য একাডেমীর” সদস্যরা।

৮ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াবাড়ি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের সহযোগিতায় ও ইউনিসেফের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন ভরসা যুব সংস্থার ও নৃত্য একাডেমীর সভাপতি আঃ রহিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর শরীফ।
এ সময় সদস্য নবীন মাহমুদ, সাইফুল, সাবিনা ইয়াসমিন, ইয়াসিন খান, সাজ্জাদ হোসেন, ময়না আক্তার, সাখি, সুলায়মানসহ সংগঠনের আরো সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে সংগঠনের সদস্যরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে জমে থাকা পানি পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থান ধ্বংস করেন।

বিজ্ঞাপন
একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। এ সময় বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি দিনের বেলায়ও এডিস মশা কামড়াতে পারে উল্লেখ করে ঘরে-বাইরে সতর্ক থাকা, প্রয়োজন হলে মশারি ব্যবহার এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক প্রচারে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা কোনো সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়; বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ বসতবাড়ি ও আশপাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।
