
জাকির হোসেন, বেনাপোল (শার্শা) : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও অনিয়মের দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা, ব্যবসায়িক অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় বাগআঁচড়া বাজারে অভিযানে প্রায় ১০টি মুদি ও শিশু খাদ্যের দোকান তদারকি করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মা স্টোরকে ১০ হাজার টাকা এবং ৩৮ ধারায় শহিদুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
