
নিজস্ব প্রতিনিধি (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেলনজিয়া বাজারে দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি (সাবেক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি) গভীর শোক প্রকাশ করছে এবং এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
একজন সাংবাদিককে এভাবে গুলি করে হত্যা করা শুধু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্যও গভীর উদ্বেগের বিষয়।
মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে লেখালেখির কারণে কোনো সাংবাদিককে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি—সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বিজ্ঞাপন
হত্যাকাণ্ডের পেছনে কোনো পেশাগত বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা, ন্যায়বিচার প্রাপ্তি এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি নিহত সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজের ন্যায়সংগত দাবি ও নিরাপত্তার প্রশ্নে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
সাংবাদিক হত্যা বন্ধ হোক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক। স্বাধীন সাংবাদিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।
