# আওয়ামী লীগঘনিষ্ঠতার অভিযোগ থেকে নতুন ক্ষমতাকেন্দ্রের ‘আত্মীয়’ পরিচয় বদলি # পদায়ন # টেন্ডার নিয়ন্ত্রণ # কমিশন বাণিজ্য # রাষ্ট্রীয় অর্থ লুটের গুরুতর অভিযোগ # মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবের দৃষ্টি আকর্ষণ #


নিজস্ব প্রতিবেদক : সরকার আসে, সরকার যায়, রাজনৈতিক পটপরিবর্তনে বদলে যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা, পাল্টে যায় প্রশাসনিক ক্ষমতার সমীকরণ। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মকর্তার ক্ষেত্রে যেন ক্ষমতার পালাবদল কোনো প্রভাবই ফেলে না। বরং অভিযোগ রয়েছে, রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে পরিচয় ও প্রভাবের বলয় পরিবর্তন করে তাঁরা বছরের পর বছর গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন।
তাঁদের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগও অনেক ক্ষেত্রে যথাযথ তদন্তের মুখ দেখে না। এমনই একজন হিসেবে আলোচনায় রয়েছেন ২৭তম বিসিএস (গণপূর্ত ক্যাডার) কর্মকর্তা এবং বর্তমানে ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানা।
তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে গুরুত্বপূর্ণ পদে পদায়ন, প্রভাবশালী কর্মকর্তাদের কথিত কমিশন সমন্বয়, সরকারি উন্নয়নকাজে অনিয়ম, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, দরপত্রের তথ্য ফাঁস, প্রকল্পের ব্যয় বাড়ানো এবং ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী বলয়ের সুবিধাভোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি।

বিজ্ঞাপন
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার নতুন প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতায় নিজেকে ভিন্ন পরিচয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এমনকি বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রীর কথিত আত্মীয় হিসেবেও পরিচিতি তৈরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরির নির্ধারিত বিধিবিধান, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির বাইরে থেকে কীভাবে একজন কর্মকর্তা বারবার গুরুত্বপূর্ণ পদে অবস্থান ধরে রাখছেন ? তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি কখনো নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে ? আর রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী মহলের সঙ্গে কথিত ঘনিষ্ঠতা কি তাঁর পদায়নের ক্ষেত্রে ভূমিকা রাখছে ?
সরকারি চাকরির বিধিবিধান বনাম পছন্দের পদায়ন : সরকারি চাকরিতে বদলি ও পদায়ন কোনো কর্মকর্তার ব্যক্তিগত পছন্দ, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হওয়ার কথা নয়। প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, দাপ্তরিক দক্ষতা, কর্মক্ষেত্রের ভারসাম্য এবং প্রযোজ্য চাকরিবিধি ও সরকারি নির্দেশনার আলোকে বদলি-পদায়নের সিদ্ধান্ত নেওয়ার কথা।
বিশেষ করে গণপূর্ত অধিদপ্তরের মতো বড় সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রকল্প, দরপত্র, নির্মাণকাজ, বিল পরিশোধ ও সরকারি অর্থ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পদায়নে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই কর্মকর্তা দীর্ঘদিন ধরে ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে দায়িত্ব পালন করলে তাঁর পদায়নের যৌক্তিকতা, কর্মকাল, দায়িত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তা পর্যালোচনা করা জরুরি।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং প্রযোজ্য অন্যান্য চাকরিবিধি ও প্রশাসনিক নির্দেশনার আলোকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সরকারি দায়িত্ব পালনে নিরপেক্ষতা এবং ব্যক্তিগত স্বার্থের সংঘাতের বিষয়গুলোও খতিয়ে দেখা প্রয়োজন।
মাসুদ রানার ক্ষেত্রে অভিযোগকারীদের প্রধান প্রশ্ন—একাধিকবার পদায়ন ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে তিনি ঢাকার গুরুত্বপূর্ণ দায়িত্বে অবস্থান ধরে রেখেছেন? তাঁর কর্মজীবনের বদলি-পদায়নের পূর্ণাঙ্গ নথি প্রকাশ ও পর্যালোচনা করলে এ প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব।
পাবনা থেকে রাজশাহী: প্রভাবের বলয় তৈরির অভিযোগ : প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাসুদ রানা ২০১৪ সাল পর্যন্ত পাবনা গণপূর্ত উপ-বিভাগ-১-এ দায়িত্ব পালন করেন। সে সময় পাবনার নির্বাহী প্রকৌশলী ছিলেন বর্তমান প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। ওই সময় থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।
এরপর ২০১৪ সালের ২৬ নভেম্বর রাজশাহী গণপূর্ত উপ-বিভাগ-২-এ দায়িত্ব পান তিনি। ২০১৬ সালের ৩ মার্চ পদোন্নতি পেয়ে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগে যোগ দেন।
অভিযোগকারীদের দাবি, চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন ও নির্মাণকাজে কমিশন-বাণিজ্য এবং কাজের ব্যয় থেকে তথাকথিত ‘সেভিংস’ বা সাশ্রয়ের অর্থ ভাগবাটোয়ারার অভিযোগ ওঠে।
বিশেষ করে বড় ভবন নির্মাণকাজে ব্যয় সাশ্রয়ের নামে অর্থের হিসাব ও কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন নির্মাণকাজে বাঁশ-কাঠের সেন্টারিং ব্যবহারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কাজের প্রকৃত মান যাচাই করতে সংশ্লিষ্ট প্রকল্পের নকশা, কার্যাদেশ, স্পেসিফিকেশন, পরিমাপ বই ও বিল-ভাউচার পরীক্ষা করা প্রয়োজন।
রাজশাহী গণপূর্ত বিভাগ-১: কমিশন সমন্বয়ের অভিযোগ :
২০১৮ সালের ডিসেম্বরে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রাজশাহী গণপূর্ত বিভাগ-১-এ নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন পান মাসুদ রানা। সংশ্লিষ্টদের অভিযোগ, সেখানে দায়িত্ব পালনের সময় তাঁর প্রভাব আরও বিস্তৃত হয়। এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে মো. খালেকুজ্জামান চৌধুরী রাজশাহীতে দায়িত্ব পালন করছিলেন।অভিযোগকারীদের দাবি, মাসুদ রানা তাঁর ঘনিষ্ঠ বলয়ের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা পালন করেন।
এমনকি খালেকুজ্জামানের কথিত কমিশনের অর্থ সংগ্রহ ও সমন্বয়ের দায়িত্বও তাঁর ওপর ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট প্রকল্পের দরপত্র, ঠিকাদারি প্রতিষ্ঠান, বিল পরিশোধ এবং আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান করা প্রয়োজন।
শামীম আখতারের আমলে রাজশাহী বলয়ের উত্থান : ২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৮ অক্টোবর পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ছিলেন মো. শামীম আখতার। তাঁর দায়িত্বকাল ঘিরে অধিদপ্তরের অভ্যন্তরে প্রভাবশালী কর্মকর্তাদের বলয়, পদায়ন ও ঠিকাদারি কাজে অনিয়মের নানা অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, শামীম আখতারকে কেন্দ্র করে রাজশাহী ও আশপাশের জেলার কয়েকজন কর্মকর্তার একটি শক্তিশালী প্রভাববলয় গড়ে ওঠে। এই বলয়ে মোস্তাফিজুর রহমান ওরফে সবুজ, আজমুল হক মুন এবং পাবনার মাসুদ রানার নামও বিভিন্ন অভিযোগে উঠে আসে। অভিযোগকারীদের দাবি, এই বলয়ের সদস্যরা গুরুত্বপূর্ণ পদায়ন, ঠিকাদারি কাজ এবং প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।
শামীম আখতারের সঙ্গে মাসুদ রানার আত্মীয়তার সম্পর্ক নিয়েও আলোচনা রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, শামীম আখতারের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের ভুঁইগড় দরবার শরীফ এলাকায় এবং মাসুদ রানার শ্বশুরবাড়িও একই এলাকায় হওয়ায় তিনি বিশেষ ঘনিষ্ঠজন হিসেবে নিজেকে পরিচিত করতেন।
মন্ত্রী-এমপির তদবিরে পদায়ন, দুই কোটি টাকা নজরানার অভিযোগ : মাসুদ রানার পদায়ন ঘিরে সবচেয়ে গুরুতর : অভিযোগগুলোর একটি রাজনৈতিক তদবির ও অর্থ লেনদেন। অভিযোগ রয়েছে, ২০২১ সালে তৎকালীন পাবনার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের তদবিরে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩-এ পদায়ন পান তিনি। এ ক্ষেত্রে তৎকালীন মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এবং ‘চুপ্পু’ নামে পরিচিত আরও দুই প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে তদবিরের অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে মাসুদ রানা ও চুন্নুর মাধ্যমে দুই কোটি টাকা ‘নজরানা’ দিয়ে ঢাকায় পদায়ন নিশ্চিত করার অভিযোগ তোলেন সংশ্লিষ্টরা। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট সময়ের বদলি-পদায়নের ফাইল, সুপারিশ, নথি অনুমোদনের ধারাবাহিকতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করা প্রয়োজন।
উল্লেখ্য, ওই সময় গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রভাবশালী নির্বাহী প্রকৌশলীর বারবার ঢাকায় পদায়ন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগকারীদের দাবি, মাসুদ রানাও ছিলেন সেই তালিকার একজন। দীর্ঘদিন ঢাকার বাইরে দায়িত্ব পালনের পরিবর্তে ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে তাঁর অবস্থান ধরে রাখার বিষয়টি প্রশাসনিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
জুলাই-আগস্টের আন্দোলনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ভূমিকা : ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মকর্তার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, মাসুদ রানা ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’-এর ব্যানারে তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ভাষায় বিবৃতি ও কর্মসূচিতে যুক্ত ছিলেন।
অভিযোগকারীদের দাবি, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন এবং নিজেদের প্রশাসনিক অবস্থান সুরক্ষিত রাখাই ছিল এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই অবস্থান আড়াল করে নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা শুরু হয় বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে মাসুদ রানার রাজনৈতিক ও সাংগঠনিক সম্পৃক্ততা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কোনো পদে দায়িত্ব পালন এবং আন্দোলনের সময় তাঁর ভূমিকা সম্পর্কে সংশ্লিষ্ট নথি ও প্রকাশিত বিবৃতি পর্যালোচনা করা প্রয়োজন। এবং ৫ আগস্টের পর নতুন পরিচয়: ‘গুপ্ত’ ও ‘সুপ্ত’ বিরোধী হওয়ার চেষ্টা ?
অভিযোগকারীদের ভাষ্য, ৫ আগস্টের পর মাসুদ রানা নিজেকে দীর্ঘদিনের ‘গুপ্ত’ ও ‘সুপ্ত’ আওয়ামী লীগবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। নতুন প্রশাসনিক বাস্তবতায় নিজেকে ভিন্ন রাজনৈতিক ঘরানার অনুগত হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার অভিযোগও রয়েছে। এমনকি নিজের অবস্থান সুসংহত করতে এক সহকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখেন বলে অভিযোগ উঠেছে। ওই সহকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পেছনে প্রকৃত প্রশাসনিক কারণ ছিল, নাকি রাজনৈতিক বিবেচনা কাজ করেছে—তা সংশ্লিষ্ট নথি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনা করে নির্ধারণ করা প্রয়োজন।
বর্তমান সরকারের প্রতিমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ : অভিযোগের সর্বশেষ অধ্যায়ে উঠে এসেছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ও বর্তমান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের নাম। অভিযোগ রয়েছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় মাসুদ রানা কৌশলে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের ঘনিষ্ঠজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এমনকি তাঁর ‘আত্মীয়’ হিসেবেও পরিচিতি পাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগকারীদের দাবি। গণপূর্ত অধিদপ্তরের একজন বরখাস্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, ক্ষমতার কেন্দ্র যেদিকেই পরিবর্তিত হোক, মাসুদ রানা সেই কেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করেন। প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা হয়েছে কি না, সেটিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে খতিয়ে দেখা যেতে পারে।
টেন্ডারের অদৃশ্য নিয়ন্ত্রণ: ৩ শতাংশ ও ৫ শতাংশ কমিশনের অভিযোগ : মাসুদ রানাকে ঘিরে ওঠা সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি তাঁর নিয়ন্ত্রণাধীন বা প্রভাবাধীন সরকারি নির্মাণকাজের দরপত্র ও বিল পরিশোধ প্রক্রিয়াকে কেন্দ্র করে। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন প্রকল্পে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হতো।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে—দরপত্র আহ্বানের আগেই সম্ভাব্য দরপত্র ও প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করা। নির্দিষ্ট ঠিকাদারের সুবিধা বিবেচনায় দরপত্রের শর্ত তৈরি বা পরিবর্তনের চেষ্টা। প্রতিদ্বন্দ্বী ঠিকাদারকে অযোগ্য করার কৌশল গ্রহণ। নকশা ও প্রাক্কলন পরিবর্তনের মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানোর অভিযোগ। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া। কাজের বিল পরিশোধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ। এবং কমিশন আদায় ও অর্থ সমন্বয়ের মাধ্যমে একটি প্রভাবশালী বলয় পরিচালনার অভিযোগ। কিছু অভিযোগে কার্যাদেশ বা চুক্তির সময় ৩ শতাংশ এবং বিল পরিশোধের সময় ৫ শতাংশ কমিশন নেওয়ার কথাও বলা হয়েছে।
সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদনেও মাসুদ রানার বিরুদ্ধে একাধিক দরপত্রে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটির কার্যবিবরণী, প্রাক্কলন, কার্যাদেশ, চুক্তিপত্র, কাজের পরিমাপ বই, বিল-ভাউচার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন পরীক্ষা করা জরুরি।
রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র কাজ নিয়েও গুরুতর প্রশ্ন : রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র সংস্কার ও নির্মাণকাজ নিয়েও মাসুদ রানাকে ঘিরে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কাজ দেখিয়ে সরকারি অর্থ ব্যয়ের সুযোগ তৈরি করা হয়েছে। কোথাও প্রয়োজন না থাকা সত্ত্বেও সংস্কারকাজ দেখানো, আবার কোথাও কাজের মান নিয়ে প্রশ্ন ওঠার অভিযোগ রয়েছে। এ ছাড়া কিছু নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার, নির্ধারিত পরিমাণের তুলনায় কম রড দেওয়া এবং সিমেন্ট-বালুর অনুপাত নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
রাষ্ট্রীয় অতিথি ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাজে এমন অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। প্রকল্পের অনুমোদিত নকশা, কার্যাদেশ, স্পেসিফিকেশন, প্রাক্কলন, পরিমাপ বই, বিল এবং তৃতীয় পক্ষের গুণগত মান পরীক্ষার প্রতিবেদন যাচাই করলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।
একা মাসুদ রানা, নাকি বড় কোনো সিন্ডিকেট ?
অভিযোগকারীদের দাবি, মাসুদ রানা একা নন। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদারকে নিয়ে একটি প্রভাবশালী বলয় সক্রিয় রয়েছে। এই বলয়ের প্রভাব শুধু দরপত্র বা নির্মাণকাজে সীমাবদ্ধ নয়; বদলি, পদায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্তেও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। অধিদপ্তরের অভ্যন্তরে তাঁকে ‘ক্যাশিয়ার’ বা কমিশন সমন্বয়কারী হিসেবে অভিহিত করার অভিযোগও সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।
দুদকে অভিযোগ ও সম্পদ অনুসন্ধানের দাবি : মাসুদ রানাকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন তথ্য পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। কয়েকজন ভুক্তভোগী নতুন করে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।
তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শুধু প্রকল্পের অনিয়ম নয়, দায়িত্ব পালনকালে তাঁর নামে ও বেনামে অর্জিত সম্পদ, আয়-ব্যয়ের সামঞ্জস্য, সম্ভাব্য আর্থিক লেনদেন এবং স্বার্থসংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
মন্ত্রণালয়ের কাছে যেসব বিষয়ে জরুরি পদক্ষেপ প্রত্যাশিত : গণপূর্ত অধিদপ্তরের প্রশাসনিক শৃঙ্খলা, সরকারি অর্থের সুরক্ষা এবং সরকারি চাকরির নিরপেক্ষতা নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছে কয়েকটি বিষয়ে কার্যকর পদক্ষেপ প্রত্যাশিত।
বদলি-পদায়নের পূর্ণাঙ্গ পর্যালোচনা : ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মাসুদ রানার সব বদলি ও পদায়নের আদেশ, যোগদান, কর্মকাল, সুপারিশ এবং অনুমোদনের নথি পরীক্ষা করা। একই কর্মকর্তার দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে থাকার যৌক্তিকতা যাচাই: ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তাঁর দায়িত্ব পালনের ধারাবাহিকতা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তা পর্যালোচনা করা।
রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই : বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সঙ্গে তাঁর সাংগঠনিক ও রাজনৈতিক সম্পৃক্ততা, জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলনের সময় ভূমিকা এবং পরবর্তী সময়ে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখা।
দরপত্র ও কমিশন-বাণিজ্যের তদন্ত : তাঁর দায়িত্বাধীন প্রকল্পগুলোর দরপত্র, কার্যাদেশ, বিল পরিশোধ, ৩ শতাংশ ও ৫ শতাংশ কমিশনের অভিযোগ এবং পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ তদন্ত করা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কাজের নিরীক্ষা: সংশ্লিষ্ট নির্মাণ ও সংস্কারকাজের নকশা, স্পেসিফিকেশন, পরিমাপ, উপকরণের মান এবং ব্যয়ের হিসাব স্বাধীনভাবে যাচাই করা। কথিত প্রভাববলয়ের অনুসন্ধান: সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের ভূমিকা, পারস্পরিক আর্থিক সম্পর্ক এবং প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের অভিযোগ খতিয়ে দেখা।
সম্পদ ও আর্থিক লেনদেন যাচাই: অভিযোগের ভিত্তি পাওয়া গেলে আইনানুগ প্রক্রিয়ায় তাঁর সম্পদ, আয়-ব্যয় এবং সন্দেহজনক আর্থিক লেনদেন অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে অবহিত করা। এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা: অভিযোগের প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে প্রয়োজন মনে করলে তাঁকে সংশ্লিষ্ট প্রকল্প ও দরপত্রের দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনিকভাবে অন্যত্র পদায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে তা অবশ্যই প্রযোজ্য চাকরিবিধি ও প্রশাসনিক নীতিমালা অনুসরণ করে করতে হবে।
অভিযোগের জবাব কোথায় ? মাসুদ রানার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এসব অভিযোগের কোনোটি সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট আইন ও চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সরকার বদলালেও প্রভাবশালী কর্মকর্তাদের দৌরাত্ম্য কি বন্ধ হবে না ?
মাসুদ রানাকে ঘিরে ওঠা অভিযোগগুলো কেবল একজন নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত কর্মকাণ্ডের প্রশ্ন নয়; এগুলো গণপূর্ত অধিদপ্তরের বদলি-পদায়ন, প্রশাসনিক নিরপেক্ষতা, দরপত্র ব্যবস্থাপনা এবং জবাবদিহির কাঠামো নিয়েও বড় প্রশ্ন তুলছে।
একজন কর্মকর্তা কীভাবে একাধিক রাজনৈতিক বাস্তবতায় প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন ? কীভাবে বছরের পর বছর ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনের সুযোগ পান ? তাঁর বিরুদ্ধে কমিশন-বাণিজ্য, ঠিকাদারি নিয়ন্ত্রণ ও সরকারি প্রকল্পের ব্যয় নিয়ে এত অভিযোগ ওঠার পরও সেগুলোর নিষ্পত্তি হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছে প্রত্যাশা, বিষয়টিকে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ হিসেবে না দেখে প্রশাসনিক স্বচ্ছতা ও রাষ্ট্রীয় অর্থের নিরাপত্তার প্রশ্ন হিসেবে বিবেচনা করা হবে।
কারণ সরকারি চাকরি কোনো রাজনৈতিক বলয়ের আশ্রয়স্থল নয়, কোনো প্রভাবশালী ব্যক্তির আত্মীয় পরিচয়ে পদ আঁকড়ে থাকার জায়গাও নয়। সরকারি পদ জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থতা, অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া অপরিহার্য।
সরকার আসে, সরকার যায়—কিন্তু সরকারি চেয়ার কোনো ব্যক্তির স্থায়ী সম্পত্তি নয়। গণপূর্ত অধিদপ্তরে রাজনৈতিক প্রভাব, কথিত আত্মীয়তা ও কমিশন-বাণিজ্যের অভিযোগের অবসান ঘটাতে হলে এখনই প্রয়োজন বদলি-পদায়নের স্বচ্ছতা, প্রকল্পভিত্তিক নিরীক্ষা এবং নিরপেক্ষ প্রশাসনিক তদন্ত।
এখন দেখার বিষয়, মন্ত্রণালয় এসব অভিযোগ আমলে নিয়ে কী পদক্ষেপ নেয়।
