টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ; থানা ঘেরাও-অগ্নিসংযোগ ও এমপির বাড়িতে হামলা

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশি চেকপোস্ট বসানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় থানা ঘেরাও, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া, থানায় অগ্নিসংযোগ এবং স্থানীয় সংসদ সদস্যের (এমপি) বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার অডিটরিয়াম এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়, যা পরবর্তীতে থানা ও পাটগাতী এলাকায় ছড়িয়ে পড়ে।

​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। তল্লাশি চলাকালে কয়েকজনকে আটক করার পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। মাইকিং শুনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার দিকে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা অডিটরিয়ামের সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও আহতের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


বিজ্ঞাপন

​স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটলে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হন। সেখানেও পুলিশ কয়েক দফায় গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বিক্ষোভকারীরা থানা ঘেরাও করেন এবং আগে আটক হওয়া ব্যক্তিদের থানা থেকে বের করে নিয়ে যান। এরপর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আগুনে থানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি।

থানার ঘটনার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে অগ্রসর হন। সেখানে এস এম জিলানীর বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় বাড়িটির ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

​এসব ঘটনায় পুরো টুঙ্গিপাড়া এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত হতাহত, গ্রেপ্তার, আহতদের চিকিৎসা কিংবা সার্বিক ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *