শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল থেকে রাষ্ট্রক্ষমতায় : তারেক রহমানের ৬২ বছরের সংগ্রামী জীবন

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

এম বাদল খন্দকার  :  আজ ২০ নভেম্বর, শুক্রবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভ জন্মদিন।


বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া এই রাজনীতিক আজ ৬২ বছরে পদার্পণ করলেন। কারাবাস, নির্যাতন আর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন পেরিয়ে দেশের নেতৃত্বে আসা তারেক রহমানের জীবন যেন এক দীর্ঘ সংগ্রামেরই নাম।

তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।

শৈশব কেটেছে একেবারে সাধারণ ও সাদামাটা পরিবেশে। কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতা জিয়াউর রহমানের পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন, নৈতিক মূল্যবোধ আর দেশপ্রেম। মাত্র ১৬ বছর বয়সে, ১৯৮১ সালে পিতাকে হারান তিনি। সেই শোকই পরবর্তীতে তাঁকে আরও দৃঢ়চেতা করে তোলে।


বিজ্ঞাপন

তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়ার সুযোগ ছিল।


বিজ্ঞাপন

পরে তিনি ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয় জীবনেই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কসের মতো দার্শনিকদের চিন্তা তাঁকে রাষ্ট্র, শাসন আর গণতন্ত্র নিয়ে ভাবতে শেখায়।

সেই সময় মা বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিচ্ছিলেন, সেই পরিবেশও তাঁকে রাজনীতির দিকে টেনে নেয় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তারেক রহমানের রাজনীতিতে যাত্রা শুরু হয়েছিল একেবারে তৃণমূল থেকে।

“১৯৮৮ সাল:বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। “১৯৯১ সাল* জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে কাজ করেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মায়ের প্রতিদ্বন্দ্বিতা করা ৫টি আসনের নির্বাচনী প্রচার সমন্বয় করেন।

৫টি আসনেই খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ সংগঠক হিসেবে তাঁর যোগ্যতার প্রমাণ দেয়। “১৯৯৩ সাল:বগুড়া জেলা বিএনপির সদস্য হন। “২০০২ সাল:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন। ২০০১-২০০৬ মেয়াদে দলের ভেতরে তাঁর প্রভাব বাড়তে থাকে।

“২০০৯ সাল:অনুপস্থিতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। “২০১৮ সাল: মা খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। “২০২৬ সালের ৯ জানুয়ারি: বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তারেক রহমানের জীবনের সবচেয়ে কঠিন সময় আসে ২০০৭ সালে।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৭ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয়। কারাগারে তাঁকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে, যাতে তাঁর মেরুদণ্ডে স্থায়ী ক্ষতি হয়।

আদালতে তাঁকে স্ট্রেচারে করে হাজির করা হয়েছিল।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর শুরু হয় দীর্ঘ প্রবাসজীবন। লন্ডন থেকে ভিডিও বার্তায়, ভার্চুয়াল সমাবেশে দলকে সংগঠিত রেখেছেন তিনি।

এরপর একের পর এক মামলায় তাঁকে সাজা দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, অর্থপাচার মামলাসহ একাধিক মামলায় তিনি আদালত থেকে খালাস পান।

“২০২৫ সালের ২৫ ডিসেম্বর: দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজপথ পর্যন্ত লাখো মানুষ তাঁকে স্বাগত জানায়। “২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ — দুই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনের আগে তিনি বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের “৩১ দফা “প্রস্তাব তুলে ধরেন। নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সংস্কার ছিল এর মূল কথা। “২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

দেশজুড়ে আজ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল, কেক কাটা, বৃক্ষরোপণ, রক্তদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন।

তৃণমূলের একজন সাধারণ কর্মী থেকে কারাবাস, নির্যাতন, নির্বাসন পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসা — তারেক রহমানের এই পথচলা বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *