দুর্নীতির অভিযোগ আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘যুদ্ধ’! উত্তর কাস্টমস বন্ড কমিশনার নাহিদা ফরিদীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ‘চটি সাংবাদিকতা’ পৃষ্ঠপোষকতার অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

# ১০ সাংবাদিককে ‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার’ আখ্যা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তালিকা প্রকাশ  # সম্পাদকদের প্রমাণ দাখিলের নির্দেশ৷ # পেছনে ‘পঞ্চপাণ্ডব’ সিন্ডিকেটের প্রভাব  # অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও এনবিআর চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ দাবি  # 


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের পরিবর্তে অভিযোগ প্রকাশকারী সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অবস্থান নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দুর্নীতির তথ্য অনুসন্ধান ও প্রকাশ ঠেকাতে পেশাদার সাংবাদিকদের চরিত্র হনন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বেনামে অভিযোগ দাখিল এবং কথিত ‘চটি সাংবাদিক’ দিয়ে নিজেদের পক্ষে ইতিবাচক প্রচারণা চালানোর কৌশল নিয়েছেন একটি প্রভাবশালী কর্মকর্তা চক্র।

এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার ড. নাহিদা ফরিদীর নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দাপ্তরিক ক্ষমতার সীমা অতিক্রম করে জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশকদের সংবাদের পক্ষে প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছেন। এমনকি নির্ধারিত সময়ে প্রমাণ দিতে ব্যর্থ হলে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ব্যক্তিগত হয়রানিমূলক’ হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

পাশাপাশি এনবিআরের কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০ জন পেশাদার সাংবাদিককে ‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার’ আখ্যা দিয়ে তাঁদের মোবাইল নম্বরসহ তালিকা প্রকাশের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, কমিশনারের আশীর্বাদে উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটে একটি কথিত ‘পঞ্চপাণ্ডব’ সিন্ডিকেট ঘুষ ও অনিয়মের মাধ্যমে প্রভাব বিস্তার করে রেখেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে—রাজস্ব প্রশাসনের দায়িত্ব পালন, নাকি সাংবাদিকদের নিয়ন্ত্রণ ও সমালোচকদের চাপে রাখাই হয়ে উঠেছে কমিশনারের অগ্রাধিকার ?সম্পাদককে তলব, সাত কার্যদিবসে প্রমাণ দাখিলের নির্দেশ  :   সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর অনলাইন সংস্করণে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনাইনকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।


বিজ্ঞাপন

প্রতিবেদনটি প্রকাশের পর ১৭ নভেম্বর ২০২৬ তারিখে চৌধুরী গোলাম হাসনাইন কমিশনার ড. নাহিদা ফরিদীর কাছে একটি আবেদন করেন। আবেদনে তিনি প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া এবং নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে তাঁর নিজের অথবা সংবাদ প্রকাশকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।


বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বরাবর কমিশনার ড. নাহিদা ফরিদীর স্বাক্ষরে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়। চিঠির স্মারক নম্বর—০৮.০১.২৬৯৪.০০১.২৪.০০২.২৪/৮৮৮৬।

চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে ডাকযোগে অথবা সশরীরে কমিশনারের দপ্তরে হাজির হয়ে প্রকাশিত সংবাদের পক্ষে সব ধরনের প্রমাণ ও দলিলাদি দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দাখিল না করলে সংবাদটিকে ‘সর্বৈব মিথ্যা এবং ব্যক্তিগত হয়রানিমূলক সংবাদ বলে গণ্য হবে এবং সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে’ বলে উল্লেখ করা হয়।

শুধু ‘অগ্রযাত্রা প্রতিদিন’ নয়, একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে দৈনিক ‘আমাদের মাতৃভূমি’র সম্পাদক ও প্রকাশককেও। উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের আরেক সহকারী রাজস্ব কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর ওই নোটিশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কোন আইনে সম্পাদককে প্রমাণ দিতে বাধ্য করার ক্ষমতা পেলেন কমিশনার ?  এখানেই দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন। একজন কাস্টমস কমিশনার কি কোনো জাতীয় দৈনিকের সম্পাদককে তাঁর প্রকাশিত সংবাদের সত্যতা প্রমাণের জন্য নিজের দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন? নির্ধারিত সময়ে প্রমাণ দাখিল না করলে কোনো সংবাদকে মিথ্যা ঘোষণা করার এখতিয়ার কি তাঁর রয়েছে ?

প্রশাসনিক ও গণমাধ্যমসংশ্লিষ্ট আইনজ্ঞদের মতে, কাস্টমস কমিশনারেটের মূল দায়িত্ব রাজস্ব আহরণ, বন্ড ব্যবস্থাপনা এবং নিজ দপ্তরের প্রশাসনিক কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা তদারকি করা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যাচাই, সম্পাদককে তলব কিংবা সংবাদকে মিথ্যা ঘোষণা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো সাধারণ প্রশাসনিক ক্ষমতা এই পদে নিহিত নেই।

গণমাধ্যমবিষয়ক অভিযোগ নিষ্পত্তির জন্য দেশে রয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল, যা একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান। কোনো সংবাদ বা সাংবাদিকতার নৈতিকতা নিয়ে অভিযোগ থাকলে প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তা নিষ্পত্তির সুযোগ রয়েছে।

কৌতূহলোদ্দীপক বিষয় হলো, কমিশনার ড. নাহিদা ফরিদী তাঁর পাঠানো চিঠির অনুলিপি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠিয়েছেন। অথচ অভিযোগের নিষ্পত্তি ও সংবাদকে মিথ্যা সাব্যস্ত করার মতো বিচারিক অবস্থান নিজেই গ্রহণ করেছেন বলে চিঠির ভাষা থেকে প্রশ্ন উঠেছে। এমনকি ব্যক্তিগত মানহানির অভিযোগসংবলিত চিঠিটিকে ‘সরকারি রাজস্ব সুরক্ষার স্বার্থে’ জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের মতে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা আইনানুগ প্রতিকার চাইতে পারেন। কিন্তু প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সম্পাদককে দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া এবং সংবাদকে আগাম মিথ্যা আখ্যা দেওয়ার হুঁশিয়ারি স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।

হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০ সাংবাদিককে ‘চাঁদাবাজ-ব্ল্যাকমেইলার’ আখ্যা  !  কমিশনার নাহিদা ফরিদীকে ঘিরে বিতর্কের এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে, সম্প্রতি এনবিআরের কর্মকর্তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই ১০ জন পেশাদার সাংবাদিকের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করে ‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার সাংবাদিক’ শিরোনামে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তালিকাটির সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ, তথ্য-প্রমাণ কিংবা তদন্তের ফলাফল উপস্থাপন করা হয়নি। অথচ একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ড. নাহিদা ফরিদী ওই তালিকা প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

তালিকায় নাম থাকা একটি জাতীয় দৈনিকের সম্পাদক বিষয়টি জানতে কমিশনার নাহিদা ফরিদীকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তাঁর প্রটোকল অফিসার পরিচয়ে একজন ওই সম্পাদকের প্রশ্নের জবাবে বলেন, ‘ঐ তালিকা একজন কমিশনার ম্যাডামকে দিয়েছেন, ম্যাডাম কেবল গ্রুপে শেয়ার করেছেন। এটা একটা মিসটেক হয়েছে।’

প্রটোকল কর্মকর্তার এই বক্তব্য থেকে তালিকাটি প্রকাশের প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। একজন কমিশনার কোনো যাচাই-বাছাই ছাড়াই অন্য কারও দেওয়া তালিকা সরকারি কর্মকর্তাদের গ্রুপে শেয়ার করতে পারেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, তালিকাভুক্ত ১০ সাংবাদিকের সঙ্গে নাহিদা ফরিদীর ব্যক্তিগত পরিচয় ছিল না; তাঁদের কারও সঙ্গে তাঁর কখনো দেখা বা কথাও হয়নি। তাহলে কীসের ভিত্তিতে তাঁদের ‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার’ হিসেবে চিহ্নিত করা হলো? অভিযোগের পক্ষে কোনো প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনা এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

এ ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের মানহানির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অফিসকক্ষে প্রবীণ সাংবাদিককে অপদস্থ, পেছন থেকে ভিডিও!
আরও গুরুতর অভিযোগ উঠেছে, সম্প্রতি উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের নিজ কার্যালয়ে একজন প্রবীণ সাংবাদিককে অপমান ও অপদস্থ করেছেন কমিশনার ড. নাহিদা ফরিদী।
সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, ওই ঘটনার সময় পেছন থেকে ভিডিও ধারণ করেন তাঁর প্রভাবশালী স্টাফ অফিসার হিসেবে পরিচিত সাদ্দাম হোসেন। পরবর্তী সময়ে ভিডিওটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয় বলেও অভিযোগ রয়েছে।

একজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে সরকারি দপ্তরের সর্বোচ্চ দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ এবং ঘটনার ভিডিও ধারণ করে তা দাপ্তরিক গ্রুপে প্রচারের উদ্দেশ্য কী ছিল—এ প্রশ্নের উত্তর চায় সাংবাদিক সমাজ। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাছে কোনো সাংবাদিকের সঙ্গে মতবিরোধ থাকলে তা কি দাপ্তরিক শিষ্টাচার ও আইনসম্মত পদ্ধতিতে নিষ্পত্তি করা সম্ভব ছিল না ?

উত্তর কাস্টমস বন্ডে ‘পঞ্চপাণ্ডব’ সিন্ডিকেটের আধিপত্য !
এদিকে উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটে ঘুষ ও অনিয়মের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগও সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, কথিত ‘পঞ্চপাণ্ডব’ হিসেবে পরিচিত পাঁচ কর্মকর্তা দীর্ঘদিন ধরে কমিশনারেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছেন।

অভিযোগের তালিকায় রয়েছেন— সহকারী কমিশনার (নন-ক্যাডার) রাসেল আল মামুন। রাজস্ব কর্মকর্তা বিএম আব্দুল্লাহ আল মাসুম (সদ্য বদলি হয়েছেন)।  সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনাইন। রাজস্ব কর্মকর্তা (সদর দপ্তর) আছর উদ্দিন। এবং  সহকারী রাজস্ব কর্মকর্তা (সদর দপ্তর) সাদ্দাম হোসেন।

সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, কমিশনার ড. নাহিদা ফরিদীর পৃষ্ঠপোষকতা ও আশীর্বাদে এই পাঁচ কর্মকর্তার একটি প্রভাববলয় তৈরি হয়েছে। নিয়মিত উপহার-উপঢৌকনের মাধ্যমে কমিশনারকে সন্তুষ্ট রেখে তাঁরা কমিশনারেটের বিভিন্ন কার্যক্রমে নিজেদের প্রভাব বজায় রাখছেন বলেও অভিযোগ রয়েছে।

এই চক্রের বিরুদ্ধে ঘুষ লেনদেন, অনিয়ম এবং বিভিন্ন বন্ড-সুবিধার অপব্যবহারে সহযোগিতার অভিযোগ উঠেছে। তাঁদের প্রভাবের কারণে উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।

তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক লেনদেন, বন্ড-সুবিধা প্রদান ও নবায়নের নথি, ফাইল নিষ্পত্তির প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

চটি সাংবাদিকতা’ দিয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরির অভিযোগ  :  এনবিআরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, পেশাদার সাংবাদিকদের প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ খুলে কথিত ভাড়াটে সাংবাদিকদের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগকারীদের দাবি, ফলোয়ারবিহীন পেজে অর্থ ব্যয় করে পোস্ট বুস্ট করা হচ্ছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের কাল্পনিক অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট ছড়িয়ে তাঁদের পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশ করে তাঁদের স্বচ্ছ ভাবমূর্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এমনকি ‘এনবিআর নিউজ এন্ড ভিউজ’ নামে একটি পত্রিকা প্রকাশের বিষয়টিও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ওই ব্যক্তি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাঁকে দিয়ে এনবিআরের অভিযুক্ত কর্মকর্তাদের পক্ষে সংবাদ প্রকাশ করানো হচ্ছে।
অভিযোগকারীদের ভাষ্য, পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং নিজেদের পক্ষে প্রচারণার এই কৌশল মূলত দুর্নীতির অভিযোগ থেকে জনদৃষ্টি সরিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা। তবে এসব অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, অর্থায়নের তথ্য এবং প্রকাশিত কনটেন্টের উৎস স্বাধীনভাবে যাচাই করা জরুরি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি কোথায় ? একদিকে সরকারি দপ্তরের দায়িত্বশীল পদে থেকে সম্পাদকদের প্রমাণ দাখিলের নির্দেশ, অন্যদিকে সাংবাদিকদের বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগের তালিকা প্রকাশ এবং নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ—সব মিলিয়ে উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

প্রশ্ন উঠেছে, একজন কমিশনার কীভাবে কোনো সাংবাদিককে ‘চাঁদাবাজ’ বা ‘ব্ল্যাকমেইলার’ হিসেবে চিহ্নিত করার মতো গুরুতর অভিযোগের তালিকা প্রচার করতে পারেন? কোনো তদন্ত ছাড়াই ১০ জন সাংবাদিকের নাম ও মোবাইল নম্বর সরকারি কর্মকর্তাদের গ্রুপে ছড়িয়ে দেওয়ার দায় কার? সম্পাদকদের সংবাদের প্রমাণ দাখিলের নির্দেশ দেওয়ার পেছনে কোন আইনি বিধান কাজ করেছে? আর কমিশনারেটের ভেতরে কথিত ‘পঞ্চপাণ্ডব’ সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এত দিনেও কেন নিরপেক্ষ তদন্তের মুখোমুখি হয়নি ?

অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ  :   উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের এসব অভিযোগ কেবল একজন কমিশনারের ব্যক্তিগত আচরণের প্রশ্ন নয়; এটি রাজস্ব প্রশাসনের নিরপেক্ষতা, সরকারি ক্ষমতার যথাযথ ব্যবহার, গণমাধ্যমের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

তাই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে সাংবাদিক সমাজের দাবি— কমিশনার ড. নাহিদা ফরিদীর স্বাক্ষরে সম্পাদক ও প্রকাশকদের কাছে পাঠানো ১৭ নভেম্বর ২০২৬ তারিখের চিঠি এবং স্মারক নম্বর ০৮.০১.২৬৯৪.০০১.২৪.০০২.২৪/৮৮৮৬-এর আইনগত ভিত্তি ও এখতিয়ার তদন্ত করা।  এনবিআরের হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০ জন সাংবাদিককে ‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশের ঘটনা তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা। প্রবীণ সাংবাদিককে অপদস্থ করার অভিযোগ এবং ঘটনার ভিডিও ধারণ ও দাপ্তরিক গ্রুপে প্রচারের বিষয়টি তদন্ত করা। উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কথিত ‘পঞ্চপাণ্ডব’ সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা ঘুষ, অনিয়ম ও বন্ড-সুবিধার অপব্যবহারের অভিযোগ নিরপেক্ষভাবে অনুসন্ধান করা।
কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ, আয়-ব্যয়, সন্দেহজনক আর্থিক লেনদেন এবং দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি নিশ্চিত করা এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করা।

রাজস্ব প্রশাসনের দায়িত্ব দুর্নীতি প্রতিরোধ, রাষ্ট্রীয় আয় সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হলে তার জবাব হওয়া উচিত তথ্য, নথি ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে—সাংবাদিকদের চরিত্র হনন কিংবা প্রশাসনিক ক্ষমতার প্রয়োগের মাধ্যমে নয়।
এখন দেখার বিষয়, অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের শীর্ষ নেতৃত্ব এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তে কী পদক্ষেপ নেয়, নাকি উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের বিতর্কিত কর্মকাণ্ড আগের মতোই আড়ালে থেকে যায়।

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *