টিকাদানে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকার ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও করোনা ভাইরাসের টিকা আনার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে ক্লিনিক ভবনে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ডোজের প্রাপ্যতা নিয়ে অনেক সংশয় ছড়ানো হয়েছিল। কিছু পত্রপত্রিকা, প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অপপ্রচার চালিয়ে করোনার দ্বিতীয় ডোজ নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরির অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইতোমধ্যেই প্রায় ১৭লাখ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার জন্য উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা মহামারির মধ্যে মানুষকে স্বাস্থ্যসুরক্ষা দেওয়ার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিলেন। সেই কারণে এই মরণঘাতী করোনা মহামারি মোকাবিলা ও জনগণকে করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে।
গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গুজব প্রতিরোধে আপনারা সবসময়েই সচেষ্ট ছিলেন, এখনো নানা ধরনের গুজব রটনার অপচেষ্টা চলছে। তার বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকার অনুরোধ জানাই।


বিজ্ঞাপন

 

 

👁️ 112 News Views