করোনাকালে একজনও অনাহারে থাকেনি: তথ্যমন্ত্রী

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার ন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জামাতের নেতারা বলেছিল হাজার হাজার মানুষের লাশ পড়ে থাকবে। চারদিকে খাদ্যর অভাবে হাহাকার লেগে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দেড় বছর যেভাবে সরকার ও দেশ চালিয়েছেন তা বিশ্বে বিরল। করোনা মোকাবিলায় তার কার্যক্রমের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, খেটে খাওয়া একজন মানুষও অনাহারে দিন কাটায়নি। আওয়ামী লীগ যেভাবে করোনাকালে মানুষের পাশে আছে আর কোনো দল সেভাবে পাশে নেই। তারা আছে টেলিভিশনের পর্দায়।
বিএনপির মহাসচিবের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির ফখরুল সাহেব, সমালোচনা করে বলেন, সরকার ভারত ছাড়া আর কোনো উৎস থেকে কেন টিকা আনার চেষ্টা করল না। এখন বিভিন্ন দেশ থেকে টিকা আসছে। যে বিএনপির নেতারা টিকা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন তারাই এখন গোপনে বা প্রকাশ্যে টিকা নিচ্ছেন। এমনকি বেগম খালেদা জিয়াও আজ টিকা দিতে যাচ্ছেন। তাকে অভিনন্দন জানাই। তবে তার দল করোনা টিকা নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।


বিজ্ঞাপন
👁️ 134 News Views