
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাব।

সংগঠনটির উদ্যোগে এবং এমআরএস টাওয়ার ও কুঁড়েঘর স্টাইল মার্ট, কুন্দারহাট এর সৌজন্যে প্রতিবছরের ন্যায় এবারও বীরপলি, তেঘরি ও ভাটগ্রাম এলাকার শতাধিক অসহায় পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। এতে করে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান মুসা, সাধারণ সম্পাদক শাহিম আলম, সদস্য আল ইমরান ও গোলাপ আকন্দ।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, আব্দুল মান্নান, শহিদুল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর রমজান মাসে এই সংগঠনের এমন মানবিক উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আনন্দ নিয়ে আসে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
