তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রিয়াজুল হক সাগর, (রংপুর)  : সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি)  মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে এগুলোকে সয়ে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা দেশে কোনো মব তৈরি হতে দেব না, মবকে কঠোর হস্তে দমন করব।


বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় ‘নেহা নদী’ খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে তেলের সাপ্লাই কম। এর মধ্যেই হঠাৎ দেখা গেল ঠাকুরগাঁওয়ে একটি পেট্রোল পাম্প ভেঙে দেওয়া হয়েছে। কারও কোনো অভিযোগ থাকলে তা দায়িত্বশীলদের জানাতে হবে। সবাই সাবধান থাকবেন, গায়ের জোরে আইনের বাইরে কেউ কোনো কাজ করার চেষ্টা করবেন না। তাৎক্ষণিকভাবে পেট্রোল পাম্পে হামলাকারী অপরাধীদের গ্রেপ্তার করায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তিনি।


বিজ্ঞাপন

কৃষি, কৃষকের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছ চাষ ও হাঁস পালনের উদ্দেশ্যে সরকারের এই খাল খননকাজে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন এলজিআরডি মন্ত্রী। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই খাল খননের কাজ যেন সুন্দরভাবে হয় এবং মানুষ যেন খুশি হয়। কেউ যেন কোনো অভিযোগ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। মানুষ যেন বলতে না পারে যে শুধু কাজের উদ্বোধনই হয়েছে, পরে আর কোনো কাজ হয়নি। এমনটা যেন না হয়।


বিজ্ঞাপন

মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, আমরা কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে এবং সৎ থেকে বেহেশতে যাব। আমরা অন্যদের মতো ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট বিক্রি করি না।’

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এরই মধ্যে আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, খাল খননের পাশাপাশি কৃষি কার্ডও দেওয়া হবে। কারণ কৃষকের উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হবে।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেন। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *