গোপালগঞ্জে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাব-এর মানববন্ধন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ অর্থনীতি আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার (০৮ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

​মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ক্যাবের সভাপতি এ্যাডভোকেট আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল হক বাবলু এবং সিনিয়র সহসভাপতি প্রফেসর গোলাম মোস্তফা জিএম। বক্তারা অভিযোগ করেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করছে।

গুদামে তেল মজুত রেখে বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তলে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এমনকি খোলা পাম তেলের ক্ষেত্রেও লিটারপ্রতি বাড়তি মুনাফা লুফে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন

​ক্যাব নেতৃবৃন্দ ভোজ্যতেলের মান ও নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, বর্তমানে অনেক ক্ষেত্রে ‘নন-ফুড গ্রেড’ ড্রামে তেল সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছে। এসব ড্রামে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্টাংশ তেলের সঙ্গে মিশে ক্যানসার, লিভার ও কিডনি রোগের মতো ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।


বিজ্ঞাপন

ভোক্তা একদিকে বেশি দাম দিচ্ছে, অন্যদিকে অনিরাপদ খাদ্য গ্রহণে বাধ্য হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকির কথা বলা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে তারা মন্তব্য করেন।

​পরিস্থিতি নিরসনে ক্যাব-এর পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত দামে তেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট চক্রের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা, মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং তেলের ক্ষেত্রে ‘নন-ফুড গ্রেড’ ড্রামের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে বাধ্যতামূলক ‘ফুড-গ্রেড’ পাত্র নিশ্চিত করা।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ না হয়, তবে সাধারণ ভোক্তাদের নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। উক্ত কর্মসূচিতে ক্যাব গোপালগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *