ফায়ার সার্ভিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকির অভিযোগ

Uncategorized আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দুই কর্মচারীর বিরুদ্ধে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জেরে একাধিক সংবাদকর্মীকে হুমকি, ভয়ভীতি ও অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, ফায়ার ফাইটার সাদ্দাম হোসেন ও ওয়্যারহাউস ইন্সপেক্টর রেজায় রাব্বির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট সাংবাদিকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে শতাধিক সংবাদ প্রকাশিত হয়েছে বলেও দাবি করা হয়।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় সংশ্লিষ্ট দুই কর্মচারী চাকরি বিধি লঙ্ঘন করে বিভিন্ন মিডিয়া হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন।


বিজ্ঞাপন

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একাধিক সাংবাদিক লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি শাখায়ও অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়।


বিজ্ঞাপন

প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির তথ্য-প্রমাণ এবং সার্ভিস রেকর্ড সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত রয়েছে। তবে অভিযোগের বিষয়ে তথ্যভিত্তিক জবাব না দিয়ে একটি স্বার্থান্বেষী মহল কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রচার করছে।

বিশেষ করে “চাঁদা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ” শিরোনামে প্রকাশিত একটি সংবাদকে একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, সংবাদ প্রকাশের আগে অনুসন্ধানী প্রতিবেদক মো. হাফিজুর রহমান শফিকের বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী।

সাংবাদিকদের দাবি, অনুসন্ধানী সাংবাদিকতা দমন এবং দুর্নীতির তথ্য প্রকাশ বন্ধ করতেই পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের মাধ্যমে মিডিয়ায় বিভ্রান্তিকর বক্তব্য প্রদান সরকারি কর্মচারী আচরণবিধির লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, “স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে।”

প্রতিবাদলিপিটি প্রকাশ করেন মো. হাফিজুর রহমান শফিক, অনুসন্ধানী প্রতিবেদক, সকালের সংবাদ; বাংলাদেশ ব্যুরো প্রধান, সংবাদ প্রভাকর টাইমস (কলকাতা) এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জিয়া শিশু কিশোর পরিষদ।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *