
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) এক বিশেষ অভিযানে সাত কেজি গাঁজাসহ মো. ওসমান সানা (১৮) নামে এক তরুণ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর তিলছড়া এলাকার ‘কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬, খুলনার সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছিল র্যাবের একটি দল। এরই মধ্যে গোপন সংবাদ আসে যে, ওই এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে।

তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা দ্রুত ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেন। অভিযান চলাকালীন মহাসড়কের পাশে সন্দেহভাজন হিসেবে ঘোরাঘুরি করতে দেখে তরুণ ওসমান সানাকে আটক করে র্যাব। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নিখুঁতভাবে প্যাকেজজাত করা সাত কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওসমান সানা স্বীকার করেছে যে—সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বড় বড় চালান সরবরাহ করে আসছিল।
জব্দকৃত মাদকসহ ওসমানের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবারই আসামিকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং তরুণ প্রজন্মকে বাঁচাতে তাদের এই মাদকবিরোধী সাঁড়াশি অভিযান আগামীতেও সমানতালে অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
