
শরণখোলাঃ পূর্ব সুন্দরবনের ছাপড়াখালী খালে অবৈধভাবে মাছ ধরার সময় বুধবার রাতে বনরক্ষীদের হাতে দুই জেলে আটক হয়েছে।

নইন আবু নাঈম তালুকদার, (শরণ্খোলা) : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ ছাপড়াখালি খালে বুধবার দিবাগত রাতে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে দুই জেলে আটক হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার জাল সহ দুটি নৌকা।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটায় শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শেলারচর টহল ফাঁড়ির এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছাপড়াখালি খালে অভিযান চালায়।

এ সময় মাছ ধরারত জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে যায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুই জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।

বনরক্ষীরা দুই জেলেকে দুটি নৌকা ও জালসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটক জেলেরা হচ্ছে, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) ও আইয়ুব আলী(২৮)।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, ছাপড়াখালিতে আটক জেলেরা বনআইন অমান্য করে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
