ফ্যাসিস্টমুক্ত লামা প্রেস ক্লাব গঠনের দাবিতে মানববন্ধন  : বর্তমান কমিটির পদত্যাগ দাবি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (বান্দরবান)  :  বান্দরবানের লামায় ‘ফ্যাসিস্টমুক্ত লামা প্রেস ক্লাব’ গঠনের দাবিতে বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হইয়াছে।


বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বর্তমান প্রেস ক্লাব কমিটির সমালোচনা করিয়া অবিলম্বে পেশাদার ও স্বাধীন সাংবাদিকদের হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি জানানো হয়। অন্যথায় আগামী দিনে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মিরর নিউজের লামা উপজেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লামা পৌর বিএনপির সাবেক সদস্যসচিব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফ চৌধুরী, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম এবং সমাজকর্মী ও সাংবাদিক আদহাম বিন ইব্রাহিম।

অ্যাডভোকেট আরিফ চৌধুরী বলেন, “লামা প্রেস ক্লাবকে বৈষম্যহীন করিতে হইবে। যাহারা ফ্যাসিবাদের দালালি করিয়াছেন, তাহারা অবিলম্বে ইস্তফা দিন। মুক্ত সাংবাদিকতায় নিয়োজিত প্রকৃত সাংবাদিকদের হাতে ক্লাবের দায়িত্বভার তুলিয়া দেওয়ার আহ্বান জানাইতেছি।”


বিজ্ঞাপন

মো. জাকির হোসেন বলেন, “বিগত ১৭-১৮ বৎসর ধরিয়া প্রেস ক্লাবকে ব্যবহার করিয়া আওয়ামী লীগের সমস্ত কুকর্মের বৈধতা দেওয়া হইয়াছে। পকেট কমিটি বিলুপ্ত করিয়া অবিলম্বে তাহাদের সরে যাইতে হইবে এবং নতুনদের সুযোগ করিয়া দিতে হইবে।”


বিজ্ঞাপন

সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম ক্ষোভ প্রকাশ করিয়া বলেন, “এই তিন তলার মধু খাইয়া অনেক বৎসর মজা লইয়াছেন, এবার থামেন। অনেক অরাজকতা করিয়াছেন, আর নয়।”

সমাজকর্মী ও সাংবাদিক আদহাম বিন ইব্রাহিম বলেন, “এই লামা প্রেস ক্লাবটি আমার বাবা নিজের হাতে গড়িয়াছিলেন। ইহা সমগ্র লামাবাসীর সম্পদ। আপনারা যাহারা ইহাকে বাপ-দাদার ব্যক্তিগত সম্পত্তি মনে করিয়া দখল করিয়া আছেন, সেই ভুল ভুলিয়া যান।” তিনি কথিত অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রশাসনের প্রতি আহ্বান, আন্দোলনের হুঁশিয়ারি  :  মানববন্ধনে বক্তারা বলেন, লামা প্রেস ক্লাবকে পেশাদার সাংবাদিকদের সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করিতে হইবে। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করিতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁহারা।

সাংবাদিক নজরুল ইসলাম বলেন, “সময় থাকিতে গণতান্ত্রিক ধারায় ফিরিয়া আসিয়া সকলে ঐক্যবদ্ধভাবে প্রেস ক্লাব গঠনে সহযোগিতা করুন। অন্যথায় লামার সর্বস্তরের কর্মরত সাংবাদিকরা আপনাদের উপযুক্ত জবাব দিয়া নিজেদের হিস্যা বুঝিয়া লইবে।”

মানববন্ধন চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াইতে লামা থানা পুলিশ, ডিএসবি ও ডিজিএফআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের ঘটনাস্থলে সতর্ক অবস্থানে দেখা যায়।

কর্মসূচিতে সংহতি জানাইয়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকবর হোসেন, এনসিপির লামা উপজেলা সদস্যসচিব ও সাংবাদিক আব্দুল করিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফখরুজামান, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. রাশেদ এবং বান্দরবান ছাত্র ফেডারেশনের সংগঠক জাহিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আজকালের কণ্ঠের প্রতিনিধি মো. চান মিয়া, একুশে নিউজের প্রতিনিধি মো. নুরুল আলম, দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি তারেকুল ইসলাম বোখারী, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মাইন উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ হইতে পরবর্তী ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বক্তারা জানান, দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করা না হইলে আগামী দিনে আরও কঠোর ও লাগাতার আন্দোলন গড়িয়া তোলা হইবে। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।

👁️ 142 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *