
নিজস্ব প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়)৷ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়াকাঠি গ্রাম। গ্রামের জানু মিয়ার বাড়ির পাশ থেকে পশ্চিম দিক থেকে শুরু হয়েছে হাজার হাজার একর ফসলি মাঠে যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটি। রাস্তাটির বর্তমান অবস্থা এতটাই বেহাল যে, কৃষকের কান্না এখন চরমে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তা কাদা আর পানিতে ডুবে আছে। ট্রাক্টর ও গরুর গাড়ি চলাচলে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা জমে। পাশে বস্তা ফেলে মানুষ কোনো রকমে চলাচল করছে।
স্থানীয় কৃষকরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন ৩-৪টি গ্রামের কয়েকশ কৃষক ধান, পাট সহ বিভিন্ন ফসল আনতে যান। গরু-মহিষ নিয়ে মাঠে যাওয়া এখন যুদ্ধের মতো। অনেক সময় ধানের বস্তা কাঁধে করে আনতে হয়। বর্ষা মৌসুমে ভোগান্তি আরও কয়েকগুণ বেড়ে যায়।

মোড়াকাঠি গ্রামের এক কৃষক বলেন, “এইডা রাস্তা না, মরণ ফাঁদ। জানু মিয়ার বাড়ির পশ্চিমের এই রাস্তা দিয়া আমরা হাজার হাজার একর জমি চাষ করি। গরু লইয়া যাইতে পারি না, ধান আনতে পারি না। বহু বছর ধরে এমনই পইড়া আছে।”

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর চলে গেলেও এই গুরুত্বপূর্ণ কৃষি রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো লাভ হয়নি।
তাই দ্রুত এই রাস্তাটি মাটি ভরাট করে ইটের সলিং বা পাকা করার জন্য উপজেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত আসনের মহিলা এম পি নাদিয়া পাঠান পাপন ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।
