
সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে দুবলার শুঁটকিকরণ জেলেরা নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা) : সাগরে বৈরী আবহাওয়ায় কবলে পড়েছেন দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা। মাছ ধরা বন্ধ রেখে দুদিন ধরে তারা নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বৃষ্টিপাতে মাছ ভিজে নষ্ট হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড় “আকভান” এর কারণে সাগর উত্তাল হয়ে পড়েছে। ঝড়ো বাতাসের সাথে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে।

দুবলার আলোরকোল থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান, গত দুইদিন যাবৎ সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে।ঝড়ো হাওয়ার সাথে মাঝারি ধরণের ভারী বৃষ্টিপাত হচ্ছে।
সাগরে মাছ ধরতে না পেরে শুঁটকিকরণ জেলেরা তাদের নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছে। অন্য দিকে, দুদিন আগে সাগর থেকে ধরে এনে শুঁকাতে দেওয়া মাছ বৃষ্টিতে ভিজে গেছে।
সহসা আবহাওয়া ভালো না হলে মাছ নষ্ট হয়ে যাবে। এবারের শুঁটকি মৌসুমের শুরুতে জেলেরা দুইবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন বলে তিনি জানিয়েছেন।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জেলেরা সাগরে মাছ ধরতে না পেরে আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন। দুদিনের বৃষ্টিতে জেলেদের অনেক কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে বলে মোতাসিম ফরাজী জানিয়েছেন।

বিজ্ঞাপন
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে আছে।
দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা গত দুই দিন যাবৎ সাগরে মাছ ধরতে যেতে পারেনি। বর্তমানে দুবলারচর অঞ্চলে দশ সহস্রাধিক জেলে অবস্থান করছে বলে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে দুবলার শুঁটকিকরণ জেলেরা নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
