
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল মূল কর্মসূচিতে যোগ দেয়। মিছিলে সবুজবাগ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা অভিযোগ করেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীরা এখনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন তার বক্তব্যে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

