
অপু কিরণ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, নির্বাচনের মাঠে আমার এই গণজোয়ারে হুমকি-ধমকি সব উড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জনগণের প্রার্থী, জনগণই আমাদের সঙ্গে আছে। সুতরাং জনগণই আমাদের শক্তি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা চিতাশাল ও দেলপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে শাহ আলম বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে তারা নিরপেক্ষতা বজায় রাখবে। সেই আশায় আছি। তবে প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে জনগণই রুখে দাঁড়াবে। আমাদের আলাদা কোনো প্রয়োজন নেই। কারণ বিগত বছরগুলোতে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি।

তিনি আরও বলেন, আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন উপহার দেবে। নির্বাচনের ফলাফলে যিনি নির্বাচিত হবেন, তাকেই আমরা সকলে মেনে নেব। তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে।

শাহ আলম দাবি করেন, নারায়ণগঞ্জ-৪ আসনের মা-বোনেরাও মাঠে নেমেছেন হরিণ প্রতীকের পক্ষে। এই গণজোয়ার ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ হরিণ মার্কাকে বিজয়ী করবে।
গণসংযোগ চলাকালে দেলপাড়া থেকে পাগলা সংযোগ সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে।
