
নিজস্ব প্রতিনিধি (খুলনা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশ ও জাতির টেকসই উন্নয়ন সম্ভব। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের অধিকার উপেক্ষিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে মানুষের ন্যায্য প্রাপ্য। এই অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে গদাইপুর ইউনিয়নের গদাইপুর বাজার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ গদাইপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর সুস্পষ্ট অঙ্গীকার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে গদাইপুরকে একটি পরিকল্পিত ও মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। তিনি বলেন, ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ভাঙা সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে টেকসই বাঁধ নির্মাণ, কৃষি ও মৎস্যখাতে আধুনিক সহায়তা এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মাওলানা আজাদ বলেন, “দলীয় স্বার্থ নয়, জনস্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গদাইপুর ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করা হবে—ইনশাআল্লাহ।”

গদাইপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এস এম আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবুর রহমান মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শেখ কামাল হোসেন, জেলা টিম সদস্য কাজী তামজিদ আলম, এডভোকেট আব্দুল মজিদ এবং ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী।
এছাড়াও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, পাইকগাছা পৌর জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য মো. মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক খুলনা দক্ষিণ জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পাইকগাছা উপজেলার সভাপতি মো. আবু সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা বলেন, দেশের মানুষের জানমাল, ধর্ম ও স্বাধীনতা আজ চরম হুমকির মুখে। এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য জনগণের প্রতি জোরালো আহ্বান জানান তারা।
