সালথা–নগরকান্দাকে দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার—শামা ওবায়েদ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রুবেল রানা, সালথা, (ফরিদপুর) : ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “সালথা–নগরকান্দায় আর অপরাজনীতি, লুটপাট, চাঁদাবাজি চলবে না। জনগণ পরিবর্তন চায়, আর ধানের শীষই সেই পরিবর্তনের একমাত্র পথ।”


বিজ্ঞাপন

গতকাল শনিবার ৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামে নুরুদ্দীন মাতুব্বরের বাড়িতে অনুষ্ঠিত নির্বাচনী সভায় জনতার ঢল নামলে তিনি দৃপ্ত কণ্ঠে এসব কথা বলেন।

তিনি আরও বলেন—“যারা বছরের পর বছর উন্নয়নের নামে জনগণকে প্রতারিত করেছে, তাদের বিদায় জানানোর সময় এখন। আপনাদের বোন হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি—সালথা–নগরকান্দার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল—সবকিছুই নতুনভাবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক মানের হাসপাতাল, শিল্পকারখানা হবে; যাতে আর কোনো তরুণকে জীবিকার জন্য দূরে যেতে না হয়।”


বিজ্ঞাপন

ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন—
“রাতে ১২টার পর যারা গ্রামে ঢুকে, তারা কখনোই সৎ উদ্দেশ্যে আসে না। ১১ তারিখ রাত থেকে ১২ তারিখ পর্যন্ত ধানের শীষের প্রতিটি ভোট পাহারা দেবেন। রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না। একটি ভোটও যেন নষ্ট না হয়—এই দায়িত্ব আপনাদেরই।”


বিজ্ঞাপন

তিনি আরও জোর দিয়ে বলেন—“আমি যদি সংসদ সদস্য হই, জনগণই হবে উন্নয়নের চালিকাশক্তি। সালথা–নগরকান্দার সিদ্ধান্ত জনগণ নেবে—কোনো চাঁদাবাজ, দখলবাজ বা দুর্নীতিবাজ নয়।” সভায় সভাপতিত্ব করেন গট্টি ইউপি সদস্য নুরুদ্দীন মাতুব্বর।

এছাড়াও বক্তব্য দেন— অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন তারা মিয়া, রেজাউর রহমান চয়ন মিয়া, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বিল্লাল মাতুব্বর, বিএনপি নেতা নূর মোহাম্মদ নুরু, আব্দুর রব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তৈয়বুর রহমান মাসুদ, মিরান হুসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *