গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক  সভায়  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নে প্রশাসনের কঠোর অবস্থান

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি :  আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।


বিজ্ঞাপন

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা”-য় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। যে কোনো ধরনের নাশকতা, গুজব, সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


বিজ্ঞাপন

জেলা রিটার্নিং অফিসার হিসেবে তার দায়িত্ব ও কর্মব্যস্ততা বহুগুণে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি উপস্থিত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


বিজ্ঞাপন

সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, গত এক মাসে জেলায় ২০ জন আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আত্মহত্যা সামাজিক ও ধর্মীয়ভাবে মহাপাপ—এ বিষয়ে মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, পরকীয়ার জেরে নিজ কন্যা সন্তান হত্যার ঘটনায় অভিযুক্ত গর্ভধারিণী মাকে আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের সামাজিক অবক্ষয় রোধে অভিভাবকদের সন্তানদের, বিশেষ করে কন্যা সন্তানদের প্রতি অধিক সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। ফেব্রুয়ারি মাসে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জানুয়ারি/২০২৬ মাসের আইন-শৃঙ্খলা সংক্রান্ত গৃহীত সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয় এবং মুক্ত আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করা হয়।

মুক্ত আলোচনায় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়র হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে জেলায় বিভিন্ন দোকানে অবৈধভাবে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রয় বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ আশ্রাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই-এর উপপরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *