
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কদমতলী থানা প্রেসক্লাব। ক্লাবটির উদ্যোগে টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে অসহায় ও সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্য বিতরণ করা হয়।

গত ৩ মার্চ, রোজা ১৩ তারিখে ইফতারের পর থেকে এই কার্যক্রম শুরু হয়। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে রাত পর্যন্ত বিক্রয় কার্যক্রম চালানো হয়। একপর্যায়ে পণ্য বিক্রি করতে করতে রাত প্রায় ১২টা বেজে যায়।
কর্মসূচির সময় টিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঘটনাস্থলে এসে কার্যক্রম পরিদর্শন করেন। তারা খতিয়ে দেখেন, টিসিবির পণ্য সঠিকভাবে বিক্রি হচ্ছে কিনা এবং প্রকৃত উপকারভোগীরা পণ্য পাচ্ছেন কিনা।

পরিদর্শনে এসে তারা দেখতে পান—অনেক অসুস্থ ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি ট্রাকসেলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে পারেন না। এমন মানুষদের কথা বিবেচনা করেই প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের হাতে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। এই মানবিক উদ্যোগ দেখে টিসিবির কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং উদ্যোগটির প্রশংসা করেন।

তবে এ কর্মসূচি নিয়ে এক সংবাদকর্মীর পক্ষ থেকে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কদমতলী থানা প্রেসক্লাব। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, যা প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, টিপু, মোল্লা নাসির উদ্দিন, হানিফ কাজী, লাল মিয়া সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
এসময় টিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক কর্মকর্তা শোয়াইব, পরিচালক আনিসুর রহমান, আঞ্চলিক ট্যাগ কর্মকর্তা তৌহিদুর রহমান, ডিলার বিল্লাল এবং তার প্রতিনিধি শামীম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কদমতলী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের কল্যাণে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
