সৌদি আরবগামী যাত্রীর ব্যাগে ৪,৩৬৪ পিস ইয়াবা : শাহজালাল বিমানবন্দরে আটক আন্তর্জাতিক চোরাকারবারি

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক :  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ৪ হাজার ৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আন্তর্জাতিক মাদক চোরাকারবারি সাইদুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (৯ মার্চ) বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ রেইডিং টিম বিমানবন্দরের দ্বিতীয় তলায় সি-২ বোর্ডিং ব্রিজের স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান নেয়।

এ সময় ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ-গামী ফ্লাইট BS381–এর এক যাত্রী স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় সন্দেহ হলে তাকে থামানো হয়।
পরে তার দেহ ও কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করা হলে ব্যাগের ভেতরে কার্বন ও স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিন প্যাকেটের মধ্যে অত্যন্ত কৌশলে লুকানো অবস্থায় ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

আটক সাইদুল ইসলামের বাড়ি ঢাকার দোহার উপজেলার মধুরচর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দোহার উপজেলার মকসুদপুর এলাকার সালাউদ্দিন (২৭) নামের এক ব্যক্তি এই মাদক তার কাছে হস্তান্তর করেন। এসব ইয়াবা সৌদি আরবে অবস্থানরত তার বড় ভাই নুরুল আমীনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।


বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে সাইদুল আরও স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সৌদি আরবে ইয়াবা পাচার করে আসছেন এবং এর বিনিময়ে সৌদি আরব থেকে স্বর্ণ চোরাচালান করে দেশে নিয়ে আসতেন।

এ ঘটনায় সাইদুল ইসলাম ও পলাতক সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক রুটে মাদক পাচার রোধে বিমানবন্দর এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। তদন্তের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *