
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪ জন পালিয়ে যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) রাত ১১টা ৫৫ মিনিটে বীরগঞ্জ থানার এসআই (নি:) রায়হান নবীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১১নং মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সরকারি ক্যানেলের পাশের একটি পতিত জমিতে অভিযান চালায়। সেখানে বাঁশঝাড়ের নিচে গোপনে জুয়ার আসর বসিয়ে তাস খেলার সময় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে জুয়ার আসর থেকে ২ সেট তাস, নগদ ৩,৬০০ টাকা, ৬টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন এবং একটি পলিথিন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মনোয়ার হোসেন (৪২), অলিম উদ্দিন (৫৫), কিরেন সেন (৪০), মেমানন্দ (৪২) ও গোবিন্দ রায় (৩৮)। এছাড়া অভিযানে আরও ৪ জন জুয়াড়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় ১৮৬৭ সালের প্রকাশ্যে বঙ্গীয় জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা (নং-১৯, তারিখ: ২৭ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই দীনেশ চন্দ্র বর্মণের ওপর।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
