
মোঃ ওবাইদুল হক ,(ঝিকরগাছা) : যশোরের ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ যশোরে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ সময় পর তাঁর এই সফরকে কেন্দ্র করে আজ গোটা যশোর জেলা এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

আজ সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি যশোর বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাঁকে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন:বিএনপির ভাইস চেয়ারম্যান
অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী,খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে শার্শার উলশীর উদ্দেশ্যে রওনা হন।

এই সময় যশোরের শার্শা সড়কপথ যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ভোর থেকেই রাস্তার দুই পাশে ভিড় জমায় হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মী।
‘উলশী বিপ্লবের’ স্মৃতিবিজড়িত এই জনপদে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে পুষ্পবৃষ্টি এবং গগনবিদারি স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হয়। জনতার ভিড় সামলে তাঁর গাড়িবহরকে অত্যন্ত ধীরগতিতে গন্তব্যের দিকে এগোতে দেখা যায়।
সত্তরের দশকে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঐতিহাসিক **উলশী-যদুনাথপুর** খাল খনন প্রকল্পের মাধ্যমে দেশে উন্নয়নের এক নতুন ধারা তৈরি করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবং অত্র অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও কৃষি বিপ্লব ত্বরান্বিত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করছেন।
উলশীতে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী যশোরের কেন্দ্রীয় ঈদগায় বিশাল জনসভায় ভাষণ দেবেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
