
নইন আবু নাঈম (শরণখোলা) : চোরাশিকারীদের কবল থেকে সোমবার সকালে চরদুয়ানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে দুইটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। উদ্ধার করা হরিণ সোমবার (১১ মে) বিকেলে সুন্দরবনে অবমুক্ত করেছে বনরক্ষীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) সকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকায় অভিযান চালায়।
বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা হাজীবাড়ী মসজিদের কাছে পুকুরে হরিণটিকে ফেলে দিয়ে পালিয়ে যায়। অপর হরিণটি উদ্ধার হয়েছে একই দিন বেলা দুইটার দিকে কালিয়ারখাল এলাকায়।


বনরক্ষীদের দেখে শিকারীরা পালিয়ে যায়।বনরক্ষীরা হরিণটি দুটিকে উদ্ধার করে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে যায়। একটি হরিণ কিছুটা আহত থাকায় সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলেসুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, চরদুয়ানী এলাকায় উদ্ধার করা হরিণ দুইটি শিকারীরা সুন্দরবনে ফাঁদ পেতে ধরে নিয়ে যাচ্ছিলো।
পায়ে কিছুটা আহত একটি হরিণকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণ দুটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী
বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।
