শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব দিনমজুর পরিবার

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে তালাবদ্ধ একটি বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দিনমজুর চুন্নু মোড়লের ঘর, আসবাবপত্র, মোটরসাইকেলসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি খাবারের চালটুকুও রক্ষা পায়নি। মঙ্গলবার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত চুন্নু মোড়লের পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

ভুক্তভোগী দিনমজুর চুন্নু মোড়ল দীর্ঘদিন ধরে খুলনা শহরে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি সুস্থ হয়ে এলাকায় ফিরে তিনি নিজ বাড়িতে না গিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে তার ঘরটি বেশ কিছুদিন ধরে তালাবদ্ধ ছিল।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, রোববার বিকেলে হঠাৎ করে ঘরটির চারপাশ থেকে একযোগে আগুন জ্বলে ওঠে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


বিজ্ঞাপন

চুন্নু মোড়লের স্ত্রী জানান, হঠাৎ করে ঘরের চারপাশে আগুন দেখতে পান তারা। কীভাবে একসঙ্গে চারদিকে আগুনের সূত্রপাত ঘটলো, তা তিনি সঠিকভাবে বলতে পারেননি। তিনি বলেন,আমরা ঘরে ছিলাম না, পাশের ভাইয়ের ঘরে ছিলাম।

আমাদের যা কিছু ছিল সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি।তিনি সকলের কাছে সহযোগিতার আবেদন জানান।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন, যাতে করে পুড়ে যাওয়া ঘরটিতে পুনরায় মাথা গোঁজার ঠাঁই তৈরি করা সম্ভব হয়।

এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *