
নিজস্ব প্রতিবেদক : দেশের বিচারব্যবস্থায় দীর্ঘদিনের মামলা জট কমাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে হাইকোর্ট বিভাগ। আজ বৃহস্পতিবার (১৪ মে) হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রীট মোশন বেঞ্চসমূহে একদিনেই মোট ৭ হাজার ১০৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। বিচারাঙ্গনে এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মামলা নিষ্পত্তির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এর মধ্যে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৮৪২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা। একই দিনে রীট মোশন বেঞ্চে নিষ্পত্তি করা হয়েছে আরও ৩ হাজার ২৬২টি পুরোনো রীট মামলা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রীট মোশন বেঞ্চসমূহে পুরোনো মামলা নিষ্পত্তিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও রীট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিরা।
আইন সংশ্লিষ্টরা বলছেন, বছরের পর বছর ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি বিচারপ্রার্থীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং আদালতের ওপর চাপও অনেকাংশে কমাবে।
একই সঙ্গে বিচার ব্যবস্থার গতি ও দক্ষতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। হাইকোর্ট বিভাগ সূত্রে জানা গেছে, পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।
