শ্রীরামচন্দ্রকে অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নড়াইল প্রতিনিধি  :  হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননাকর আচরণ এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।


বিজ্ঞাপন

গতকাল শনিবার (২০ জুন) সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. পঙ্কজ বিহারী ঘোষ (অন্ন)। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অশোক কুন্ডু, সনাতনী ফোরামের জেলা সভাপতি রাজিব বিশ্বাস এবং জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব মজুমদার।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে হিন্দু ধর্মের আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে ফেলার হুমকি সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বলেও তারা মন্তব্য করেন।


বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা আরও বলেন, “যারা আমাদের ধর্মগুরুর ছবিতে জুতা নিক্ষেপ করেছে এবং আমাদের মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি রক্ষায় প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক উসকানি, ধর্মীয় অবমাননা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ের বিরুদ্ধে হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তারা সকল ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাদের মতে, ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।

👁️ 41 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *