বাথরুমে সরকারি ওষুধ, গুদামে লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের  মজুত  :  মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অভিযানে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি মোড়লগঞ্জ, (বাগেরহাট)  :  বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা, সরকারি ওষুধ সংরক্ষণে অনিয়ম এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের বাথরুমে ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ পড়ে থাকা এবং গুদামে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতিকে তিনি “কোনোভাবেই গ্রহণযোগ্য নয়” বলে মন্তব্য করেন।


বিজ্ঞাপন

পূর্বঘোষণা ছাড়াই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওষুধ সংরক্ষণাগার এবং অন্যান্য বিভাগ ঘুরে দেখার সময় তার নজরে আসে একাধিক অনিয়ম। বিশেষ করে বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত তাকে বিস্মিত ও ক্ষুব্ধ করে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, “আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লক্ষ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে। বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ পড়ে আছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”


বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারি অর্থে কেনা ওষুধ জনগণের সম্পদ। এসব ওষুধ যথাসময়ে রোগীদের কাছে পৌঁছানোর পরিবর্তে অব্যবস্থাপনার কারণে নষ্ট হয়ে যাওয়া শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, জনগণের সঙ্গে চরম অবিচারের শামিল।


বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে কীভাবে এত বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হলো, কেন সেগুলো সময়মতো বিতরণ বা অপসারণ করা হয়নি এবং বাথরুমে সরকারি ওষুধ কীভাবে পড়ে রইল—এসব বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই ওষুধ ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা রয়েছে। তবে মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্বাস্থ্য খাতের সুশাসন নিয়ে প্রশ্নের মুখে এই ঘটনা সরকারি হাসপাতালগুলোর ওষুধ ব্যবস্থাপনা, তদারকি এবং জবাবদিহিতা ব্যবস্থাকে আবারও সামনে নিয়ে এসেছে।

এখন দেখার বিষয়, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অনিয়মের ঘটনায় তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয় কি না।

👁️ 227 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *