
মোঃ দুলাল সরকার (গজারিয়ায়)৷ : গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ৫ নম্বর ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৪ জন শিক্ষার্থীদের জন্য রয়েছেন একজন মাত্র শিক্ষক!

সংশ্লিষ্ট সূত্র ও শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নার্গিস খানম অবসরজনিত ছুটিতে গেছেন। বর্তমানে বিদ্যালয়টিতে একজন মাত্র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাইফুল ইসলাম জানালেন, বিদ্যালয়ে পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব আপাতত একজনকেই পালন করতে হচ্ছে। অনেক দেন-দরবার করে ছয় মাসের জন্য অন্য প্রতিষ্ঠান থেকে দুজন শিক্ষককে প্রেষণে আমাদের বিদ্যালয়ে পাঠানো হয়েছিল। তাদের দায়িত্বকাল সমাপ্ত হওয়ায় নিজ কর্মস্থলে ফিরে গেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব আলম খান বললেন, শিক্ষক স্বল্পতার কারণে শিশুদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও শিক্ষক পাওয়া যায়নি।

বিদ্যালয়টির অন্য একজন সহকারী শিক্ষক মো. রুবেল মিয়া ১০ মাসের জন্যে প্রশিক্ষণ গ্রহণে যাওয়ার পর একমাত্র শিক্ষক হিসেবে বিদ্যালয়টিতে রয়েছেন সাইফুল ইসলাম।
১৯৪০ সালে স্থাপিত বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে পড়ে পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হলে ২০০৯-১০ অর্থবছরে আড়াই তলাবিশিষ্ট পাকা বিদ্যালয় ভবন নির্মাণ ও পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী থাকার পরও শিক্ষক রয়েছেন মাত্র একজন।
শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন একাধিক অভিভাবক।
