
নিজস্ব প্রতিনিধি (রাজশাহী) : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মানসনদবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও লেবেলিং বিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী মহানগরীর একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় পরিচালিত অভিযানে অলিম্পিয়া সুইটস-এর বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। একই সঙ্গে ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যসম্বলিত কোনো লেবেল ছাড়াই বাজারজাত করার অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
