মাত্র ১১ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ৫০ হাজারের বেশি পুরাতন ক্রিমিনাল মিস মামলা, বিচার বিভাগে নতুন মাইলফলক

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  বৃহস্পতিবার  ৬ আগস্ট,  বাংলাদেশের বিচার ব্যবস্থায় দীর্ঘদিনের মামলা জট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।


বিজ্ঞাপন

মাত্র ১১ কার্যদিবসে হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চ মোট ৫০ হাজার ৩২৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার একদিনেই ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চ ৬ হাজার ৯৬৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করেছে। এর মাধ্যমে বিশেষ কার্যক্রম শুরুর পর নিষ্পত্তিকৃত পুরাতন ক্রিমিনাল মিস মামলার সংখ্যা অর্ধলক্ষ অতিক্রম করেছে।


বিজ্ঞাপন

এছাড়া, পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ উদ্যোগের আওতায় এ পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৫৭ হাজার ২৩২টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি করা।

জানা যায়, গত ৭ মে ২০২৬ থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম শুরু করেন। সেই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি হওয়াকে বিচার বিভাগে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ অব্যাহত থাকলে দেশের বিচার ব্যবস্থায় মামলা জট কমানোর পাশাপাশি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পথ আরও সহজ ও দ্রুত হবে।

👁️ 191 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *