
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে ধার দেওয়া সাড়ে সাত লাখ টাকা ফেরত না পাওয়াকে কেন্দ্র করে দায়ের করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. মাজহারুল ইসলাম (৪১)।

গত ৮ সেপ্টেম্বর করা ওই জিডিতে মাজহারুল ইসলাম অভিযোগ করেন, মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকার মোছা. মলিদা বেগম (৪৫) তাঁর কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ের পরও টাকা ফেরত না দিয়ে তাঁকে দিনের পর দিন ঘোরানো হয়। পরে টাকা আদায়ের জন্য তিনি মলিদা বেগমের বিরুদ্ধে আদালতে সিআর মামলা করেন। মামলাটির নম্বর ৭৭২/২৬ এবং দায়েরের তারিখ ৮ জুলাই ২০২৬।
জিডিতে আরও বলা হয়, মামলার নোটিশ পাওয়ার পর মলিদা বেগমের স্বামী মো. আরিফুল ইসলাম (৫০) বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মাজহারুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিলেন।

মাজহারুল ইসলামের অভিযোগ, গত ২৮ আগস্ট বিকেলে পালবাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে তাঁকে একা পেয়ে আরিফুল ইসলাম, মলিদা বেগম ও মো. মাহবুব আলম (৪০) মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। তিনি মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে মামলা তুলে না নিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মাজহারুল ইসলাম। ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করার পাশাপাশি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
